বরিশাল, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বৈঠকের করার সময় বরিশাল সাগরদী মাদ্রাসা থেকে বৃহস্পতিবার তিনজনকে আটক করেছে পুলিশ।
তাদেরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন কোতয়ালি থানার ওসি কমলেশ চন্দ্র হালদার।
আটককৃতরা হলেন- চট্রগ্রামের আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. মো. আব্দুস সামাদ, সাগরদী মাদ্রাসার অধ্যক্ষ আশ্রাফ আলী দেওয়ান ও লুৎফর রহমান মাদ্রাসা নামের আরেকটি মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম।
বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) আনোয়ার হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সাগরদী মাদ্রাসায় কিছু লোকজন বৈঠক করছে- এমন খবর পেয়ে পুলিশ বিকাল ৫টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাদের আটক করে।
তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২০৩৭ ঘ.
bdnews24