ইসলামী বিশ্ববিদ্যালয়, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষের পর কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুটি আবাসিক হলে তল্লাশি চালিয়ে সাতজনকে আটক করেছে পুলিশ।
আধিপত্য বিস্তার নিয়ে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি জাহাঙ্গীর হোসাইন ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান তুহিনের সমর্থক এবং পদবঞ্চিত মাহাবুব, খসরু ও গাফফারের সমর্থকদের মধ্যে ওই সংঘর্ষ হয়। এতে দুজন গুলিবিদ্ধসহ কমপক্ষে আটজন আহত হয়। সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের নেতা-কর্মীরা প্রশাসন ভবনও ভাংচুর করে।
এরপর দুপুর ২টার দিকে আবাসিক হলে তল্লাশি শুরু করে পুলিশ। তল্লাশিতে লাঠি ও ইটের বস্তা ছাড়া কোনো অস্ত্র বা বিষ্ফোরক দ্রব্য পাওয়া যায়নি বলে সাংবাদিকদের জানিয়েছেন কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার সুবাস চন্দ্র শাহা।
প্রথমে বঙ্গবন্ধু হলে তল্লাশি শেষে বিদ্রোহী নেতা ও বর্তমান কমিটির যুগ্ম- সাধারণ সম্পাদক মাহবুব হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক আবুজার গিফারী গাফফার, আনিচুজ্জামান লিটন, জিল্লুর রহমান, মাজহারুল ইসলাম টগর ও একজন সাধারণ ছাত্র মেসবাহুল ইসলামকে আটক করা হয়। এরপর জিয়া হল থেকে তুহিন গ্র"পের কর্মী শাহ আলমকে আটক করা হয়।
বিদ্রোহী গ্র"পের নেতাকর্মীদের আটক করার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় সংলগ্ন মধুপুরে খুলনা-কুষ্টিয়া মহাসড়ক আধা ঘণ্টা অবরোধ করে রাখে তাদের সমর্থকরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষের পর সভাপতি ও সাধারণ সম্পাদক এক সংবাদ সম্মেলনে ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টিকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। মাহবুব, খসরু ও গফফারের সমর্থকরাও পাল্টা সংবাদ সম্মেলন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৬৩১ ঘ.
bdnews24