২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা বিশ্ববিদ্যালয় দিবসে বর্ণাঢ্য আয়োজন

ঢাকা বিশ্ববিদ্যালয় বর্ণাঢ্য আয়োজনে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2010, 06:52 AM

Updated : 25 Aug 2022, 01:09 PM

ঢাকা, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয় বর্ণাঢ্য আয়োজনে বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন করছে। 'প্রাচ্যের অক্সফোর্ড' নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয় এদিন ৯০ বছরে পা রেখেছে। 'ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উচ্চশিক্ষা' স্লোগানকে সামনে রেখে দিবসটি উদযাপনে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে জাতীয় ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকী। এরপর কেক কেটে দিনব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন উপাচার্য। এর মাঝে বিভিন্ন হল থেকে ছাত্র-ছাত্রীরা নানা বর্ণের পোশাকে মিছিল সহকারে মল চত্বরে আসতে থাকে। এ সময়ে তাদর হাতে ছিলো নানা ধরনের ব্যানার ও ফেস্টুন। পরে মল চত্বর থেকে একটি বর্ণাঢ্য মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) মিলনায়তনে এসে শেষ হয়। মিছিলে ঘোড়ার গাড়িসহ নানা বর্ণের ব্যানার নিয়ে আনন্দ-উৎসবে মেতে ওঠে শিক্ষার্থীরা। শিক্ষকরাও সামিল হন তাদের সঙ্গে। টিএসসি মিলনায়তনে সকাল সোয়া ১০টায় শুরু হয়েছে আলোচনা সভা ও স্মৃতিচারণমূলক অনুষ্ঠান। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন উপাচার্য আরেফিন সিদ্দিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি অধ্যাপক হারুন-অর-রশীদসহ বিশ্ববিদ্যালয়ে প্রবীণ ও নবীন শিক্ষকরা। আলোচনা সভায় 'ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে উচ্চশিক্ষা' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক আহমেদ শফি। দিবসপি উপলক্ষে বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না। বিশ্ববিদ্যালয় দিবসের অন্য কর্মসূচির মধ্যে আছে- দুপুর দেড়টায় বায়ো-মেডিকেল ফিজিক্স অ্যান্ড টেকনোলজি বিভাগে গবেষণা ও আবিষ্কার বিষয়ক প্রর্দশনী 'দৃষ্টিপাত', আড়াইটায় টিএসসি মিলনায়তনে ঢাকা বিশ্ববিদ্যালয় ডেবেটিং সোসাইটির উদ্যোগে ছাত্র-শিক্ষক বির্তক, বেলা ৩টায় বিভিন্ন বিভাগে বিজ্ঞান বিষয়ক আলোচনা, বিকাল সাড়ে ৪টায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মাঠে প্রীতি ফুটবল, ৫টায় প্রীতি ক্রিকেট ও সাড়ে ৫টায় প্রীতি ভলিবল ম্যাচ এবং সন্ধ্যা সাড়ে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়া দিবসটি উপলক্ষে সকাল ১০টায় টিএসসি মিলনায়তনে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি এবং ৯টায় বিশ্ববিদ্যালয় গ্রন্থাগারে পাণ্ডুলিপি প্রদর্শনী শুরু হয়েছে। চলবে বিকাল ৫টা পর্যন্ত। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএম/এজে/১২৪৭ ঘ.