২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএসের কারণে ঢাবিতে মাস্টার্স পরীক্ষা পেছানোর দাবি

একই সময়ে মাস্টার্স ও বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ এড়াতে মাস্টার্স পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jun 2010, 05:53 PM

Updated : 25 Aug 2022, 01:03 PM

ঢাকা, জুন ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই সময়ে মাস্টার্স ও বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ এড়াতে মাস্টার্স পরীক্ষা পেছানোর দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চার বিভাগের শিক্ষার্থীরা। এ ব্যাপারে রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস বিভাগের শিক্ষার্থীরা বুধবার নিজ নিজ বিভাগের চেয়ারম্যানের সঙ্গে দেখা করে পরীক্ষা পেছানোর দাবি জানান। একই দাবি নিয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা বৃহস্পতিবার চেয়ারম্যানের সঙ্গে দেখা করবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। বাংলা বিভাগের শিক্ষার্থীরাও আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন। শিক্ষার্থীরা বলেন, আগামী ৩০ জুলাই ৩০তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে। অন্যদিকে ৩ জুলাই থেকে রাষ্ট্রবিজ্ঞান, ৬ জুলাই থেকে বাংলা, ১০ জুলাই থেকে ইংরেজি এবং ৩১ জুলাই থেকে ইতিহাসের মাস্টার্স পরীক্ষা শুরু হবে। এ অবস্থায় একটিতে অংশ নিলে অপরটিতে অংশ নেওয়া সম্ভব হবে না, বা উভয়টিতে অংশ নিলে কোনটিই ভালো হবে না। এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. মহীউদ্দিন ভূঁইয়ার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএ/২৩৪৫ ঘ.