দিনাজপুর, জুন ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শৃংখলা ভঙ্গের দায়ে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ১৫ ছাত্রকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার ও জরিমানা করা হয়েছে।
এর মধ্যে নয়জনকে বিভিন্ন মেয়াদে বহিস্কার ও জরিমানা, একজনকে জরিমানা এবং পাঁচজনের সাধারণ বৃত্তি ও ভবিষ্যতে ওই বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষায় ভর্তির সুযোগ বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক রফিকুল ইসলাম মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, গত ১৬ ও ১৭ মে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের দু'গ্র"পের মধ্যে সংঘর্ষের ঘটনায় তদন্ত কমিটির দেওয়া প্রতিবেদনের ভিত্তিতে প্রশাসন এই পদক্ষেপ নিয়েছে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. এম আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত বোর্ড অব রেসিডেন্স এন্ড ডিসিপ্লিন-এর সভায় প্রতিবেদনটি নিয়ে আলোচনা হয়।
এক বছরের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে পাঁচজনকে।
এরা হলেন- কৃষি অনুষদের সৌভিক সরকার অম্পু, মোহাম্মদ জাহাঙ্গীর আলম বাপ্পাী, মো. সাদিকুজ্জামান সুজন, মো. দেহলবী রেজা ও কম্পিউটার সায়েন্স অনুষদের মো. নাজমুল হাসান এডিন।
একই অনুষদের দেবদাস মহন্ত, রাসেদুল ইসলাম, মো. হাসেল খন্দকার ও মো. মাহাবুজ্জামান অভিকে ছয় মাসের জন্য বহিস্কার এবং প্রত্যেককে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
একইসঙ্গে তাদের স্থায়ীভাবে আবাসিক হল থেকে বহিষ্কার করা হয়েছে।
কৃষি অনুষদের অরুন কান্তি রায়কে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া এগ্রো ইন্ডাষ্ট্রিয়াল এন্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং অনুষদের ছাত্রছাত্রীদের অনশন চলাকালে গত ২৯ ও ৩০ মে বিশ্ববিদ্যালয়ের আইটি ফেস্টিভেলে বাধা এবং একাডেমিক ভবন তালাবদ্ধ করে রাখার দায়ে পাঁচ ছাত্রের ছয় মাসের সাধারণ বৃত্তি ও উচ্চ শিক্ষার সুযোগ বাতিল করা হয়েছে।
এরা হলেন- ওই অনুষদের এ টি এম সাদেকুর রহমান সৌরভ, সাব্বির আহম্মেদ শিমুল, অজিত কুমার দাস, শামীম আহমেদ ও শিহাবুল আউয়াল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩৪৬ ঘ.
bdnews24