২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধু কলেজ সংসদ নির্বাচনে সংঘর্ষে আহত ৩০

গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ সংসদ নির্বাচনে ছাত্রলীগ প্যানেল ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2010, 07:33 AM

Updated : 25 Aug 2022, 12:21 PM

গোপালগঞ্জ, জুন ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জে বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ সংসদ নির্বাচনে ছাত্রলীগ প্যানেল ও বিদ্রোহী প্রার্থীদের সমর্থকদের সংঘর্ষে পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ৮টায় এ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার এক ঘণ্টার মধ্যেই এ সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ শহরে ছড়িয়ে পড়ায় চরম উত্তেজনা ও আতঙ্ক সৃষ্টি হয়েছে। কলেজ সংলগ্ন সড়কগুলোয় যান চলাচল বন্ধ রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ক্যাম্পাস ও আশপাশে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। সংঘর্ষে আহত জেলা যুবলীগের সাধারণ সম্পাদক এম ভি সাইফ (বি মোল্লা), সরজিত সাহাকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। যুব মহিলা লীগ নেত্রী নাসিমা আক্তার রুবেলের বাড়িতেও হামলা চালিয়ে ভাংচুর করা হয়েছে। হামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল ইটিভির গোপালগঞ্জ প্রতিনিধি বাদল সাহা ও চ্যানেল আই'র ক্যামেরাম্যান জয়ন্ত সাহা আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, ৯টার দিকে ছাত্রলীগ প্যানেল সমর্থকরা কেন্দ্রে ঢুকে বিদ্রোহী আট প্রার্থীকে পিটিয়ে বের করে দেয়। তারপর শুরু হয় ভোট কাটাকাটি। এ ঘটনার প্রতিবাদে সকাল সাড়ে ১০টার দিকে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে কলেজের পেছনের গেট ভেঙ্গে ভেতরে ঢুকে ভাংচুর শুরু করে। এ সময় ছাত্রলীগ প্যানেল সমর্থকরা কলেজের প্রধান গেট দিয়ে ঢুকে বিদ্রোহী সমর্থকদের ধাওয়া দিলে তারা পিছু হটে। এরপর বিদ্রোহী প্রার্থীদের সমর্থকরা কলেজ সংলগ্ন পোস্ট অফিস মোড়ে এবং ছাত্রলীগ সমর্থক প্যানেলের সমর্থকরা ক্যাম্পাসে অবস্থান নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এ সময় উপস্থিত ভোটাররা আতঙ্কে দ্রুত ভোটকেন্দ্র ত্যাগ করে। পরে পুলিশ দুপক্ষের সমর্থকদের শান্ত করে। ওদিকে বিদ্রোহী প্রার্থীর সমর্থকরা নির্বাচন বাতিলের দাবিতে বিক্ষোভ প্রদর্শন অব্যাহত রেখেছে। ছাত্রলীগ প্যানেল সমর্থকরা শহরে দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/কেএমএস/১৩২৯ ঘ.