ঢাকা, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকার রাজধানীতে ১১টি মাধ্যমিক বিদ্যালয় এবং ৬ টি মহাবিদ্যালয় স্থাপনের উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৩৫ কোটি টাকা ব্যয়সাপেক্ষ এ সংক্রান্ত একটি প্রকল্প অনুমোদন করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।
রাজধানীর উত্তরা, পল্লবী, বাড্ডা, ডেমরা, কামরাঙ্গীরচর, হাজারীবাগ, শাহ আলী, কাফরুল, গুলশান, যাত্রাবাড়ি এবং সবুজবাগ থানায় মাধ্যমিক বিদ্যালয়গুলো স্থাপন করা হবে।
আর উত্তরা, পল্লবী, বাড্ডা, ডেমরা, কামরাঙ্গীরচর এবং খিলগাঁও থানায় স্থাপন করা হবে এই ৬টি মহাবিদ্যালয়।
এছাড়া এদিন একনেক বৈঠকে এই প্রকল্পসহ ১,১৮৯ কোটি টাকার মোট চারটি উন্নয়ন প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে সরকার যোগান দেবে ৮৩৪ কোটি টাকা এবং প্রকল্প সাহায্য ৩৫৫ কোটি টাকা।
অনুমোদিত অন্য তিনটি প্রকল্প হলো-যোগাযোগ মন্ত্রণালয়ের জরুরি দুর্যোগ ক্ষয়ক্ষতি পুনর্বাসন (সেক্টর) প্রজেক্ট, ২০০৭ (সংশোধিত) প্রকল্প, যোগাযোগ মন্ত্রণালয়ের সুনামগঞ্জের সুরমা নদীর উপর সেতু নির্মাণ (সংশোধিত) প্রকল্প, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের চট্টগ্রামের ভাটিয়ারীতে বিএমএ বঙ্গবন্ধু কমপ্লেক্স নির্মাণ প্রকল্প।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অর্র্থমন্ত্রী ও একনেকের বিকল্প চেয়ারম্যান আবুল মাল আবদুল মুহিত, পরিকল্পনা মন্ত্রী এ কে খন্দকার (বীর উত্তম), কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন, বাণিজ্য মন্ত্রী ফারুক খান, যোগাযোগ মন্ত্রী সৈয়দ আবুল হোসেন, নৌ-পরিবহণ মন্ত্রী শাহজাহান খান, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, উপদেষ্টা এইচ টি ইমাম, মসিউর রহমান ও তৌফিক-ই-ইলাহী চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২১১০ ঘ.
bdnews24