ইসলামী বিশ্ববিদ্যালয়, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে রোববার বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগের একাংশ।
বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত তারা মিছিল ও সমাবেশ করে। এ সময় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ঘন্টা গাড়ি চলাচল বন্ধ ছিল।
সমাবেশে বক্তারা পেশাদার ও অছাত্রদের দিয়ে ইবি ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবি জানায়। অন্যথায় তারা অবরোধসহ বৃহত্তর আন্দোলনের ঘোষণা দেয়।
ছাত্রলীগের দু'গ্র"পের সংঘর্ষে গত ৭ থেকে আগামী ১৪ জুন পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয়ের হল ও ক্যাম্পাস বন্ধ ঘোষণা করা হয়।
১৪ জুন সকাল দশটা থেকে আবাসিক হল ও ১৫ জুন থেকে ক্যাম্পাস ক্লাস খুলে দেওয়া হবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়।
বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর এম আলাউদ্দিন সাংবাদিকদের বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রনে রেখে ক্যাম্পাস খুলতে চেষ্টা করছি।
সমাবেশে বক্তব্য রাখেন, আলী মর্তুজা খসরু, মাহবুব হোসেন খোকন, আবু জর গিফারী গাফ্ফার, আনিসুজ্জামান লিটন ও মোহাম্মাদ আলী শিমুল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৭৪৪ ঘ.
bdnews24