২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস স্থগিত

ছাত্রকে টিসি দেওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে শনিবার বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস এক সপ্তাহ স্থগিত করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2010, 04:51 PM

Updated : 25 Aug 2022, 11:41 AM

বগুড়া, জুন ৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রকে টিসি দেওয়ার ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে শনিবার বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউটের ক্লাস এক সপ্তাহ স্থগিত করেছে কর্তৃপক্ষ। আগামী বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস স্থগিত করে সন্ধ্যার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে পরীক্ষা যথাসময়ে অনুষ্ঠিত হবে বলে জানান অধ্যক্ষ সদরুল আমিন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১১ মে প্রতিষ্ঠানের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় দু'পক্ষের মধ্যে অপ্রীতিকর ঘটনা তদন্তের পর কর্তৃপক্ষ ছয় ছাত্রকে দোষী হিসেবে চিহ্নিত করে। গত বুধবার তাদের টিসি দেওয়া হয়। এই ছয়জনের মধ্যে ইলেকট্রিক্যাল বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সোহেল রানা শনিবার সকালে ইনস্টিটিউটের একাডেমিক ভবনের সামেনে গায়ে কেরোসিন ঢেলে আগুনে পুড়ে আত্মহত্যার চেষ্টা চালায়। পরে শিক্ষার্থীরা তাকে ধরে ফেলে। এই ঘটনায় কয়েকজন ছাত্র ক্যাম্পাসে মিছিল করে টিসি বাতিলের দাবি জানালে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। সোহেল রানা সাংবাদিকদের জানান, টিসি দেওয়ার বিষয়টি অভিভবাবকরা জানার পর তার লেখাপড়ার খরচ বন্ধ করে দেয়া হবে বলে জানায়। তাই সকালে অধ্যক্ষর কাছে গিয়ে বিষয়টি আবার বিবেচনার জন্য আবদেন করে ব্যর্থ হয়ে আত্মহত্যার চেস্টা চালান। কলেজের উপধ্যক্ষ খন্দকার গোলাম মোস্তফা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রশাসনিক সভায় ক্লাস স্থগিত ও শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেওয়া হয়। ক্যাম্পাসে পুলিশ মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২২৪১ ঘ.