রাজশাহী, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিএনপি-জামায়াত সমর্থক ১০২ জন শিক্ষক এক বিবৃতিতে দৈনিক আমার দেশ পত্রিকা চালু ও এর ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তি দাবি করেছেন।
বিবৃতিতে বলা হয়, আমার দেশের প্রকাশনা (ডিক্লারেশন) বাতিল এবং মাহমুদুর রহমানের গ্রেপ্তার একটি ন্যাক্কারজনক পদক্ষেপ। তারা বিরোধীদের কণ্ঠারোধ করার লক্ষ্যে রাষ্ট্রীয় প্রশাসনের এই অগণতান্ত্রিক কর্মকাণ্ডের নিন্দা জানান।
শিক্ষকরা গণমানুষের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা দেখিয়ে অবিলম্বে মাহমুদুর রহমানের মুক্তি এবং পত্রিকাটি প্রকাশের অনুমতি দেওয়ার আহ্বান জানান সরকারের প্রতি।
বিবৃতিতে অধ্যাপক আজহার আলী, এম আলতাফ হোসেন, রফিকুল ইসলাম, আমিনুল ইসলাম, মামনুনুল কেরামত, শাহদত হোসেন মণ্ডল, আব্দুর রহমান সিদ্দিকী, আফরাউজ জামান খান চৌধুরী, আবুল হাসেম, নজরুল ইসলাম, এএনএম জাহাঙ্গীর কবীর, সাহেদ জামান, বেলাল হোসেন, নিজাম উদ্দিন, হাছানাত আলী, শামীম আহমদ প্রমুখ স্বাক্ষর করেন।
এদিকে পত্রকাটি বন্ধ করা ও মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের প্রতিবাদে বিকালে নগরীর সাহেব বাজারের জিরো পয়েন্টে মানববন্ধন হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন বিএনপি'র রাজশাহী জেলা সভাপতি নাদিম মোস্তফা, সাধারণ সম্পাদক কামরুল মনির, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি তসিকুল ইসলাম বকুল, সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ. ম. সাজু, আমার দেশ'র রাজশাহী প্রধান সরদার আনিছ প্রমুখ।
এর আগে বেলা ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে রাবি প্রেসক্লাবও আরেকটি মানবন্ধনের আয়োজন করে।
এতে অধ্যাপক আব্দুর রহমান সিদ্দিকী, আজহার আলী, রফিকুল ইসলাম, ফজলুল হক, এনামুল হক প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৩৮ ঘ.
bdnews24