২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাবিপ্রবি ছাত্রদলের ধর্মঘট প্রত্যাহার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে ছাত্রদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2010, 01:29 PM

Updated : 25 Aug 2022, 11:26 AM

সিলেট, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ডাকা ধর্মঘট প্রত্যাহার করেছে ছাত্রদল। রোববার সন্ধ্যায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়কসহ কয়েকজন নেতাকর্মী আহত হওয়ার ঘটনায় সোমবার থেকে লাগাতার ধর্মঘট ডাকে বিরোধীদল বিএনপি সমর্থক সংগঠনটি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক এস এম জাহাঙ্গীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শিক্ষার্থীদের স্বার্থের কথা বিবেচনা করে রাতেই ধর্মঘট প্রত্যাহার করা হয়। তিনি জানান, ছাত্রলীগের হামলার প্রতিবাদে সোমবার দুপুর ৩ টায় সিলেট নগরীর মদিনা মার্কেটে এলাকায় ছাত্রদল সংক্ষিপ্ত সমাবেশ করেছে। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান ফাহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের অপর যুগ্ম আহবায়ক মেহদী হাসান ও মৃত্যুঞ্জয় রায়। পরে তারা হামলাকারীদের বিচার, ক্যাম্পাসে ছাত্রদল নেতাকর্মীদের নিরাপত্তা, সহাবস্থানসহ তিন দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে স্মারকলিপি দিয়েছেন বলে সংগঠনের আহ্বায়ক জানান। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. এস.এম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা হয়েছে। সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের সবগুলো পরিবহন ও বাস নগরীতে যাতায়াত করেছে। রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় মসজিদ এলাকায় ছাত্রলীগের হামলায় আহত হন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহবায়ক এস এম জাহাঙ্গীর, আল-আমীন রাসেল ও মেহেদী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯২৩ ঘ.