রাজশাহী বিশ্ববিদ্যালয়, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রীষ্মের ছুটি শেষে মঙ্গলবার খুলছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ৪৫ দিনের দীর্ঘ ছুটি শেষে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে।
গত ১৭ এপ্রিল গ্রীষ্মকালীন ছুটি শুরু হয়।
শিবিরের হামলায় ছাত্রলীগ কর্মী নিহত হওয়ার পর প্রগতিশীল ছাত্রসংগঠনগুলো ক্যাম্পাসে শিবিরকে প্রতিহত করার ঘোষণা দিয়েছে।
ক্যাম্পাসের পরিবেশ স্বাভাবিক রাখতে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
শিক্ষার্থীরা জানান, গত ৮ ফেব্র"য়ারি শিবির হলে হলে সশস্ত্র হামলা চালায়। এসময় শাহ্ মখদুম হলের ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন নিহত হয়। পরদিন হলের পাশের একটি ম্যানহোল থেকে তার লাশ উদ্ধার করা হয়। শিবির চার ছাত্রলীগ কর্মীর হাত-পাঁয়ের রগ কেটে দেয়।
শিক্ষার্থী ও পুলিশ জানায়, শিবিরের তাণ্ডবে পুলিশসহ আহত হয় প্রায় অর্ধশত ছাত্রলীগ নেতাকর্মী। এ ঘটনায় নগরীর মতিহার থানায় হত্যাসহ ১৪টি মামলায় রাজশাহী মহানগর জামায়াতের আমির আতাউর রহমান, রাবি শিবির সভাপতি শামসুল আলম গোলাপসহ দেড় শতাধিক নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। এরপর থেকে শিবির নেতাকর্মীরা পলাতক।
ছাত্রলীগ সভাপতি আওয়াল কবির ও সাধারণ সম্পাদক মাজেদুল ইসলাম বলেন, সাধারণ শিক্ষার্থীদের নিয়ে যে কোন মূল্যে রগকাটা শিবিরকে প্রতিহত করা হবে। তারা ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করার দাবি জানান।
এদিকে বৃহস্পতিবার রাতে ৫-৬টি মোটর সাইকেলে করে শিবির ক্যাম্পাসে মহড়া দেয়। পরের রাতে প্রগতিশীল শিক্ষক সমাজের আহ্বায়ক ড. শাহ নওয়াজ এবং নাট্যকলা বিভাগের সভাপতি মলয় ভৌমিকের কক্ষের নামফলক ভাংচুর করা হয়। একই রাতে শিবির শামসুজ্জোহা হলের পিছনে বৈঠক করে। এসব ঘটনায় ছাত্রলীগসহ সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
প্রক্টরিয়াল বডি সোমবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বলেন, শিক্ষার্থীদের আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই। ক্যাম্পাসের নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে। এছাড়া ক্যাম্পাসের তিনটি প্রবেশদ্বারে শিক্ষার্থীদের পরিচয়পত্র দেখা হবে। প্রবেশদ্বার রাত ১০টায় বন্ধ হবে। শিক্ষার্থীদের সার্বক্ষণিক নিজ নিজ পরিচয়পত্র সাথে রাখতে বলা হয়েছে।
প্রেস ব্রিফিংয়ে তারা ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ সুষ্ঠু ও স্বাভাবিক রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।
সহকারি প্রক্টর অধ্যাপক মুসতাক আহমেদ, আশরাফুজ্জামান এবং জান্নাতুল ফেরদৌস এ সময় উপস্থিত ছিলেন।
মতিহার থানার ওসি আবুল খায়ের বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তায় আবাসিক হলসহ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে দেড় শতাধিক পুলিশ মোতায়েন থাকবে। পাশাপাশি পুলিশি টহল জোরদার করা হচ্ছে। তিনি বলেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা নেয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৭২৩ ঘ.
bdnews24