২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হাজি দানেশ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের অনশন ভঙ্গ

দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনশনকারী শিক্ষার্থীরা অনশন ভঙ্গ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 May 2010, 12:24 PM

Updated : 25 Aug 2022, 11:24 AM

দিনাজপুর, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুর হাজি মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনশনকারী শিক্ষার্থীরা অনশন ভঙ্গ করেছে। এগ্রো-ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ফুড প্রসেস ইঞ্জিনিয়ারিং (এএফই) অনুষদের ছাত্র-ছাত্রীরা মাস্টার্স কোর্স চালুর দাবিতে রোববার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অনশন শুরু করে। পরে কর্তৃপক্ষের আশ্বাসের প্রেক্ষিতে বিকেল ৫ টার দিকে তারা অনশন ভঙ্গ করে। ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক রুহুল আমিন, এএফই অনুষদের ডিন অধ্যাপক ড. কামালউদ্দিন সরকার ও পোস্ট গ্রাজুয়েট অনুষদের ডিন অধ্যাপক নিজামউদ্দিন আহমেদ আগামি সেপ্টেম্বরে মাস্টার্স কোর্স চালু করার আশ্বাস দেন। বিষয়টি জুন মাসে একাডেমিক কাউন্সিলের বৈঠকে তোলা হবে বলে তারা আশ্বস্ত করলে শিক্ষার্থীরা অনশন ভঙ্গ করে। সকালে অনশন শুরু করার সময় শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের প্রবেশ পথে কয়েকটি দরজায় তালা ঝুলিয়ে দেয়। শিক্ষকরা তালা খুলতে গেলে কিছুটা উত্তেজনার সৃষ্টি হয়। এএফই অনুষদের ডিন কামালউদ্দিন সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্র-ছাত্রীদের আন্দোলন প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে। তাদের দাবি বিবেচনা করা হবে বলেও আশ্বস্ত করা হয়েছে।" গত ২২ মে দিনাজপুর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অনশন কর্মসূচি ঘোষণা করে শিক্ষার্থীরা। একই দাবিতে অনুষদের ১৩০ শিক্ষার্থী অবস্থান ধর্মঘটসহ বিভিন্ন কর্মসূচিও পালন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/ কেএমএস/১৮১৪ ঘ.