২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনা টেক্সটাইল কলেজে আগাম গ্রীষ্মের ছুটি

ছাত্র বিক্ষোভ ও শিক্ষকদের অবরুদ্ধ করার জেরে নির্দিষ্ট সময়ের চারদিন আগে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে গ্রীষ্মের ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 03:32 PM

Updated : 25 Aug 2022, 11:13 AM

পাবনা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্র বিক্ষোভ ও শিক্ষকদের অবরুদ্ধ করার জেরে নির্দিষ্ট সময়ের চারদিন আগে পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে গ্রীষ্মের ছুটি দিয়েছে কর্তৃপক্ষ। সেশন ফি কমানোর দাবিতে বুধবার দুপুরে ছাত্ররা বিক্ষোভ সমাবেশ করে এবং অধ্যক্ষসহ শিক্ষকদের একটি কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। এরপরই আগামী এক মাসের জন্য গ্রীষ্মের ছুটি ঘোষণা করা হয়। ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতয়েন করা হয়েছে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শিব শংকর চক্রবর্তী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী ৩০ মে থেকে এক মাসের জন্য কলেজে গ্রীষ্মের ছুটি হওয়ার কথা ছিল। কিন্তু উদ্ভূত পরিস্থিতির কারণে চারদিন আগেই বন্ধ করা হল। আগামী ২৯ জুন কলেজ খুলবে বলে তিনি জানান। পাবনা সদর সার্কেল এএসপি নিজামুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কলেজের অধ্যক্ষ আব্দুল বাসিত মিয়া কারিগরি বোর্ড, টেক্সটাইল ইন্সটিটিউট এবং আরো কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থাকায় কলেজের দায়িত্ব পালন না করে প্রায়ই ঢাকায় অবস্থান করেন। ফলে এই কলেজে কোনো সমস্যা হলে দেখার কেউ থাকে না। কলেজ কর্তৃপক্ষ চলতি বছর থেকে সেশন ফি এক হাজার ৫২০ টাকা থেকে বাড়িয়ে চার হাজার ৭০ টাকা করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১২১ ঘ.