২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে সান্ধ্যকালীন কোর্স চালুর সিদ্ধান্ত স্থগিত

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 May 2010, 01:33 PM

Updated : 25 Aug 2022, 11:13 AM

ঢাকা, মে ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-শিক্ষার্থীদের আন্দোলনের মুখে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে সান্ধ্যকালীন কোর্স চালুর সিদ্ধান্ত স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বুধবার বিকালে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থীরাও তাদের কর্মসূচি স্থগিত করে। এ সময় তারা আনন্দ মিছিল করে বিভাগে ফিরে যায়। সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত শনিবার থেকে আন্দোলন শুরু করে এ বিভাগের শিক্ষার্থীরা। ওইদিন এ কোর্সের ভর্তি ফরম বিতরণ শুরু হওয়ার কথা ছিল। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসাবে মঙ্গলবার ও বুধবার সকালে শিক্ষার্থীরা কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের মূল ফটকে তালা লাগিয়ে দেয়। তারা বিভাগের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভও করে। বুধবার দুপুর ১২টার দিকে দুই শতাধিক শিক্ষার্থী দোয়েল চত্বরে রাস্তা অবরোধ করে গাড়ি চলাচল বন্ধ করে দেয় । অবরোধ কর্মসূচি চলাকালে প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. শাহিদা রফিক, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম খান এবং বিজ্ঞান অনুষদের সহকারী প্রক্টর ড. মো. আফতাব আলী শেখ শিক্ষার্থীদের অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান। কোর্স স্থগিত করার লিখিত ঘোষণা না দেওয়া পর্যন্ত কোনো ধরনের আশ্বাস বা অনুরোধে অবরোধ তুলবে না বলে জানায় শিক্ষার্থীরা। বেলা সোয়া দুইটার দিকে অধ্যাপক ড. শাহিদা রফিক সান্ধ্যকালীন কোর্স চালুর সিদ্ধান্ত স্থগিতের সুপারিশ করে একটি লিখিত বিবৃতি দেন। তার এই বিবৃতি শিক্ষার্থীদের হাতে তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কে এম সাইফুল ইসলাম। ওই বিবৃতিতে বলা হয়, বিভাগীয় একাডেমিক কমিটির সঙ্গে আলোচনার ভিত্তিতে কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালুর সিদ্ধান্ত বাতিলের সুপারিশ করা হলো। প্রক্টর অবরোধ তুলে নিতে আবারো অনুরোধ জানালে উপাচার্যকে ঘটনাস্থলে আসার জন্য দাবি জানায় শিক্ষার্থীরা। উপাচার্য বিশ্ববিদ্যালয়ে আর কোনো বিভাগে কোনো সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালু না করার আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হবে বলে জানায় শিক্ষার্থীরা। পরে বিকাল ৩টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ তুলে নিয়ে মিছিল শুরু করে। এ সময় গুজব ছড়িয়ে পড়ে যে, গ্রীষ্মকালীন ছুটির সময় বিশ্ববিদ্যালয়ের ২২টি বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালু করা হবে। এ গুজবের ভিত্তিতে আধঘণ্টার মধ্যে শিক্ষার্থীরা আবার দোয়েল চত্বরে এসে রাস্তা অবরোধ করে। বিকাল সাড়ে চারটার দিকে শিক্ষার্থীরা অবরোধ তুলে নিয়ে উপাচার্যের কার্যালয়ে এসে তার সঙ্গে দেখা করেন। বৈঠকে উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, এরই মধ্যে এ কোর্স চালুর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। সিন্ডিকেটে আলোচনার মাধ্যমে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। বৈঠক শেষে শিক্ষার্থীরা জানান, অনুষদের ডিনের লিখিত বক্তব্য ও উপাচার্যের আশ্বাসের ভিত্তিতে আন্দোলন স্থগিত করা হয়েছে। ভবিষ্যতে এ কোর্স চালুর চেষ্টা করা হলে আবার আন্দোলন শুরু হবে। এ ব্যাপারে ডিন অধ্যাপক ড. শাহিদা রফিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগ এই কোর্স চালুর সিদ্ধান্ত বতিল করতে পারে না। এই কোর্স চালুর সিদ্ধান্ত নেয় সিন্ডিকেট। এটি বাতিলের সিদ্ধান্ত সিন্ডিকেটকেই নিতে হবে। বর্তমানে কোর্স চালুর সিদ্ধান্ত শুধুমাত্র স্থগিত করা যেতে পারে বলে জানান তিনি। এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সমর্থন জানায় প্রগতিশীল ছাত্রজোট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্থায়ীভাবে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্স চালুর প্রবণতা বন্ধের দাবিতে জোটের নেতারা বুধবার উপাচার্যের সঙ্গে বৈঠক করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জোটের সমন্বয়ক ও ছাত্র ইউনিয়নের সভাপতি মানবেন্দ্র দেব, ছাত্র ফেডারেশন সভাপতি আরিফুল ইসলাম, ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি বিপ্লব মণ্ডল, সাধারণ সম্পাদক