রাজশাহী, মে ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশ ছাত্র মৈত্রী নেতা খুনের ঘটনায় প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট বুধবার খুলছে।
মঙ্গলবার ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আইউব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ মে একাডেমিক কাউন্সিলের সভার সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে সব পর্বের ক্লাস শুরু হবে।
তবে ছাত্রাবাসগুলো এখনই খোলা হবে না বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আইউব আলী।
গত ৭ জানুয়ারি ছাত্রলীগ নেতাকর্মীদের হামলায় ইনস্টিটিউট শাখা ছাত্র মৈত্রীর সহ-সভাপতি রেজাওয়ানুল ইসলাম সানি খুন হন। তিনি ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের সপ্তম পর্বের ছাত্র ছিলেন।
ওই হামলায় আহত হন সংগঠনটির ইনস্টিটিউট শাখার সভাপতি কাজী মোতালেব হোসেন জুয়েল ও সহ-সভাপতি শেরাফত আলী বুলবুল।
ওই দিনই একাডেমিক কমিটির জরুরি সভায় ক্যাম্পাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের ছাত্রাবাস ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্র-ছাত্রীদের নির্ধারিত পোশাক পরে আসতে এবং পরিচয়পত্র সঙ্গে রাখার জন্য বলা হয়েছে।
ক্যাম্পাসের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমএসবি/১৯২২ ঘ.
bdnews24