২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রাসায় বিজ্ঞানে পাস বেশি

মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই সবচেয়ে ভাল ফল করেছে। এ শাখার প্রায় শতকরা ৯৬ ভাগ পরীক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2010, 12:20 PM

Updated : 25 Aug 2022, 10:31 AM

ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদ্রাসা শিক্ষা বোর্ডে এবার বিজ্ঞান শাখার শিক্ষার্থীরাই সবচেয়ে ভাল ফল করেছে। এ শাখার প্রায় শতকরা ৯৬ ভাগ পরীক্ষার্থীই উত্তীর্ণ হয়েছে। শনিবার প্রকাশিত ২০১০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় সবচেয়ে বেশি পাসের হারও মাদ্রাসা বোর্ডের, ৮৬ দশমিক ৭০ শতাংশ। যেখানে আটটি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ১৯ শতাংশ। আর মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পাসের হার প্রায় ৮০ শতাংশ। এবার ১০ বোর্ডে ১২ লাখ ৯৭৫ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৯ লাখ ৬০ হাজার ৯৪২ জন। মাদ্রাসা বোর্ডের ২ লাখ ১২ হাজার ৪৭২ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ১ লাখ ৮২ হাজার ৪৩১ জন। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১০ বোর্ডের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ২০ হাজার ৭৫৫ জন। মাদ্রাসা বোর্ডের চারটি শাখার মধ্যে বিজ্ঞান শাখায় পাসের হার ৯৫ দশমিক ৬২ শতাংশ, সাধারণ শাখায় ৮৫ দশমিক ৬০ শতাংশ, মুজাব্বিদ শাখায় ৮২ দশমিক ০৩ শতাংশ এবং সবচেয়ে কম হিফজুল কুরআন শাখায় ৫৪ দশমিক ৫৫ শতাংশ। এসএসসির তিনটি শাখার মধ্যে বিজ্ঞানে পাসের হার ৮৯ দশমিক ৬৯ শতাংশ, মানবিকে ৭০ দশমিক ৪২ শতাংশ এবং ব্যবসায় শিক্ষায় ৮০ দশমিক ৪৪ শতাংশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এজে/১৮১৮ ঘ.