রাজশাহী, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম)- আটটি সাধারণ শিক্ষা বোর্ডের মধ্যে এবার পাসের হার সবচেয়ে বেশি রাজশাহীতে, ৮৫ দশমিক ৬১ শতাংশ।
১০টি বোর্ডের অধীন ২০১০ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল শনিবার একযোগে প্রকাশ হয়েছে। এসএসসিতে পাসের হার ৭৮ দশমিক ১৯ শতাংশ।
রাজশাহীতে এবার জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৫৬৮ জন। এর মধ্যে ৬ হাজার ২৪৮ জন ছাত্র ও ৪ হাজার ৩২০ জন ছাত্রী।
গত বছর পাসের হার ছিলো ৫৮ দশমিক ৪১ শতাংশ। জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিলো ৪ হাজার ৪৭৪ জন।
রাজশাহীতে এবার ২ হাজার ৩৫৭টি স্কুলের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নেয়। ১ লাখ ৩৪ হাজার ৬১৯ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ লাখ ১৪ হাজার ৬২৯ জন। ১৪১টি বিদ্যালয়ের শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে।
ছাত্রদের পাসের হার ৮৫ দশমিক ৬২ ও ছাত্রীদের ৮৫ দশমিক ৬০ শতাংশ। বিজ্ঞান বিভাগে পাসের হার ৯০ দশমিক ৯৫, মানবিক বিভাগে ৮২ দশমিক ৯৩ এবং ব্যবসায় শিক্ষায় ৮৭ দশমিক ৪৯ শতাংশ।
বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ৬৩৭ জন, মানবিকে ৯৯৭ জন এবং ব্যবসায় শিক্ষায় ৯৩৪ জন।
ফল প্রকাশ উপলক্ষে শিক্ষা বোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ড চেয়ারম্যান ড. দীপকেন্দ্র নাথ বলেন, "এবার ছেলে-মেয়েরা পড়ালেখায় মন দিয়েছে। এ জন্য প্রত্যাশিত ফল এসেছে। পাশের হার তুলনামূলক বেড়েছে। পড়ালেখার মান বৃদ্ধি পাওয়ায় জিপিএ-৫ পাওয়ার সংখ্যাও বেড়েছে।"
সেরা ১০
ফলাফল বিচারে রাজশাহী বোর্ডের সেরা ১০টি শিক্ষা প্রতিষ্ঠান হলো- পাবনা ক্যাডেট কলেজ, রাজশাহী ক্যাডেট কলেজ, জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ, রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল, বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, বগুড়া জিলা স্কুল, বগুড়া গভর্নমেন্ট গার্লস হাই স্কুল, বগুড়া আর্মড পুলিশ ব্যাটেলিয়ন পাবলিক হাইস্কুল, রাজশাহী কলেজিয়েট স্কুল ও রাজশাহী গভর্নমেন্ট পিএন গার্লস হাইস্কুল।
বিডিনিউজ টোয়েন্টফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫৫৫ ঘ.
bdnews24