ঢাকা, মে ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান ও ছাত্র বিষয়ক দুই উপদেষ্টার বিরুদ্ধে ইসলামী ছাত্রশিবিরকে বিভিন্ন ধরনের সুবিধা দেওয়ার অভিযোগ এনেছে ওই বিভাগের শিক্ষার্থীরা।
তিন শিক্ষকের পদত্যাগের দাবিতে মঙ্গলবার চেয়ারম্যানের কক্ষ ও বিভাগীয় কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয় তারা।
সকাল ৮ টার দিকে শিক্ষার্থীরা ওই বিভাগে বিক্ষোভ শুরু করে। তারা বিভাগীয় কার্যালয় ও চেয়ারম্যানের কক্ষে তালা দেয়। পরে অন্য শিক্ষকরা এসে শিক্ষার্থীদের বুঝিয়ে তালা খুলে দেন।
শিক্ষার্থীদের অভিযোগ, চেয়ারম্যান এবিএম সিদ্দিকুর রহমান নিজামী এবং ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক একেএম ফখরুদ্দিন ও মো. রফিকুল ইসলাম জামায়াতে ইসলামীর সঙ্গে জড়িত। তারা শিবিরের সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিভিন্নভাবে সহায়তা করে এবং বিভাগের টাকায় তাদেরকে বিভিন্ন সফরে পাঠায়।
শিক্ষার্থীরা জানায়, চেয়ারম্যান ও দুই উপদেষ্টার বিরুদ্ধে গত ২৫ এপ্রিল উপাচার্যের কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে আরবি বিভাগের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান জামায়াত শিবিরকে সহায়তা করার অভিযোগ অস্বীকার করেন। তিনি জামায়াতের রাজনীতির অনুসারী নন বলে দাবি করেন।
তিনি বলেন, "শিক্ষার্থীরা নিজেদের দাবি নিয়ে কখনোই আমার সাথে আলোচনা করেনি। তাদের যে কোন দাবি আলোচনার মাধ্যমেই সমাধান করা যেতো।"
এ বিষয়ে প্রক্টর কেএম সাইফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ঘটনায় উপাচার্য়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/কেএমএস/১৬৩০ ঘ.
bdnews24