২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি সচলসহ তিন দাবিতে শিক্ষকদের মানববন্ধন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সচল করাসহ তিন দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন করেছেন শিক্ষকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2010, 03:23 PM

Updated : 24 Aug 2022, 08:58 PM

চট্টগ্রাম, এপ্রিল ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সচল করাসহ তিন দাবিতে চট্টগ্রাম প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন করেছেন শিক্ষকরা। ক্যাম্পাস সচলের পাশাপাশি তিন শিক্ষার্থী হত্যার বিচার, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং শিক্ষকবাসে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। এতে বিশ্ববিদ্যালয়ের অর্ধশতাধিক শিক্ষক অংশ নেন। অবিলম্বে তাদের দাবি মানা না হলে টানা আন্দোলন কর্মসূচি পালনের ঘোষণাও দেন শিক্ষক সমিতি নেতারা। তবে তারা কোন কর্মসূচি ঘোষণা করেননি। চবি ছাত্রলীগ কর্মী আসাদ হত্যার পর গত ১৭ এপ্রিল থেকে চবিতে টানা ধর্মঘট চালিয়ে আসছে চবি ছাত্রলীগ। ধর্মঘটে গতকাল পর্যন্ত টানা ১৩ দিন ধরে কার্যত অচল রয়েছে চবি। চবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এস এম নছরুল কাদির সাংবাদিকদের জানান, ক্যাম্পাসে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনাসহ সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত, তিনটি হত্যাকাণ্ডের বিচার, শিক্ষকদের ওপর হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে তারা এ কর্মসূচি পালন করেছেন। শিক্ষকদের কর্মসূচির পর একই স্থানে মাথায় কাফনের কাপড় বেঁধে চবির সাধারণ ছাত্র-ছাত্রীদের ব্যানারে প্রতীক অনশন কর্মসূচি পালন করে বেশকিছু ছাত্র। আসাদ হত্যাকারীদের বিচার ও উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফের পদত্যাগসহ পাঁচ দফা দাবিতে এই অনশন করে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/পিডি/২১১৮ ঘ.