২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রুয়েট ছাত্রলীগে সংঘর্ষ

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সরকার সমর্থক ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2010, 07:27 AM

Updated : 24 Aug 2022, 08:44 PM

রাজশাহী, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) সরকার সমর্থক ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত চারজন আহত হয়েছে। বুধবার মধ্যরাতে ওই সংঘর্ষ হয় বলে পুলিশ ও শিক্ষার্থীরা জানায়। আহতরা হলেন- যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র নিলয় আহমেদ, পুরকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের নিক্সন ও চতুর্থ বর্ষের শুভ বসাক এবং কম্পিউটার কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শামীম হোসেন খান। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে শহীদ লেফটেন্যান্ট সেলিম হলে দুই দল ছাত্রের সংঘাত বাধে। তখন পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হলের শিক্ষার্থীরা সাংবাদিকদের জানায়, আধিপত্য বিস্তার নিয়ে বেশ কিছু দিন থেকে ছাত্রলীগ নেতা আল-আমিন এবং রেজাউল ইসলাম রেজা অনুসারীদের মধ্যে দ্বন্দ্ব চলছিলো। রাতে দুই পক্ষ লাঠিসোঁটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। আহতরা সবাই রেজার অনুসারী বলে ছাত্ররা জানায়। আল আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রেজা ছাত্রদল এবং ছাত্রশিবির কর্মীদের শেল্টার দিয়ে আসছিলো। ত্যাগী ছাত্রলীগকর্মীরা তাদের (ছাত্রদল-শিবির) প্রতিরোধ করেছে।" তবে রেজা সে অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, ক্যাম্পাসে সন্ত্রাসসহ অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়ায় আল আমিন গ্র"পের কর্মীরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়। ওসি বলেন, পরিস্থিতির অবনতি এড়াতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ বিষয়ে রুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক আশরাফুল আলম বলেন, বর্তমানে ক্যাম্পাসের পরিস্থিতি স্বাভাবিক আছে। "উপাচার্য রাজশাহীর বাইরে আছেন। ক্যাম্পাসে ফিরলে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে", বলেন তিনি। একদিন আগেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে একজন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩১৩ ঘ.