খুলনা, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বিশ্ববিদ্যালয় ছাত্র ও এলাকাবাসীর দ্বন্দ্বের জেরে উদ্ভূত পরিস্থিতিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষের নির্দেশ মতো সোমবার সকালে ছয়টি হলের আবাসিক শিক্ষার্থীরা হল ত্যাগ করে চলে গেছে।
রোববার রাত সাড়ে ১১টায় শিক্ষকদের এক জরুরি সভায় বিশ্ববিদ্যালয় বন্ধের এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছেন রেজিস্ট্রার আব্দুর রউফ।
এছাড়া ক্যাম্পাসে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে ছাত্রলীগ কুয়েট শাখা সভাপতি আহসান উল্লাহ ভূইয়া মেহেদী ও সাধারণ সম্পাদক মিনহাজ্ব মাহমুদকে সাময়িক বহিষ্কার করা হয়।
ঘটনা তদন্তে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে সোমবার বিকাল ৪টায় সিন্ডিকেটের সভা ডাকা হয়।
রেজিস্ট্রার মো. আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের অদূরে ফুলবাড়ী গেট এলাকায় কয়েকজন অনাবাসিক ছাত্র ক্রিকেট খেলার সময় বলটি পাশের মনিরুল ইসলাম নামের একজনের বাড়িতে গিয়ে পড়ে।
এ নিয়ে ছাত্রদের সঙ্গে মনিরুলের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। এরপর ২০/২৫ জন ছাত্র মনিরুলের বাড়িতে হামলা চালালে এলাকাবাসীর সঙ্গে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়।
শনিবার বিকালে বিশ্ববিদ্যালয় কর্তপক্ষ, ছাত্র ও এলাকাবাসীর মধ্যে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে কর্তৃপক্ষ ছাত্রদের ক্যাম্পাসের বাইরে বিশৃঙ্খলা সৃষ্টি না করতে নির্দেশ দেয়।
ওই বৈঠকের জেরে রোববার সন্ধ্যায় বেশ কয়েকজন শিক্ষার্থী ছাত্রকল্যাণ পরিষদের পরিচালক ড. শিবেন্দ্র শেখর শিকদারের কার্যালয়ের সামনে বিক্ষোভ এবং তার পদত্যাগ দাবি করে।
তিনি ছাত্রদের শান্ত করার চেষ্টা করলে তার সঙ্গে দুর্ব্যবহার করে তারা। একই সময় খানজাহান আলী হলের ছাত্ররা বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুই গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে ক্যাম্পাসে উত্তপ্ত হয়ে ওঠে।
রেজিস্ট্রার বলেন, সন্ধ্যার পর থেকে ছাত্রলীগের নেতৃত্বে একটি এবং খানজাহান আলী হলের ছাত্রদের আরেকটি গ্র"প ক্যাম্পাসে জড়ো হতে থাকে।
রাত ৯টার দিকে এই দুই গ্র"পের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়।
পরিস্থিতি বিবেচনা করে কর্তৃপক্ষ ক্যাম্পাসে পুলিশ ডাকে। পুলিশ ভেতরে ঢুকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
রেজিস্ট্রার আব্দুর রউফ বলেন, "পরিস্থিতি আবার নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আশঙ্কায় উপাচার্যের সভাপতিত্বে শিক্ষকরা রাত ১০টার দিকে জরুরি সভায় মিলিত হন। শেষ হয় রাত সাড়ে ১১টার দিকে।
এ ব্যাপারে খানজাহান আলী থানার ওসি শাহাবুদ্দিন শেক জানান, কুয়েটের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার রাতে দুইশ' পুলিশ দায়িত্ব পালন করে। পুলিশ সর্তকতার সাথে দায়িত্ব পালন করায় কোন প্রকার ভাংচুর বা আহতের ঘটনা ঘটেনি।
উপাচার্য অধ্যাপক ড. নওশের আলী বলেন, একটি ছাত্রীহল ও পাঁচটি ছাত্রহলের প্রায় এক হাজার ছয়শ' আবাসিক ছাত্রছাত্রী সোমবার সকাল ৭টার মধ্যে হল ত্যাগ করেছে।
ঘটনা তদন্তে যন্ত্র প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. আরিফ হোসেন ও তড়িৎ প্রকৌশলের প্রভাষক কাজী মোস্তাফিজুর রহমানকে নিয়ে দুই সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তাদের ১০ দিনের ভেতর তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলেও উপাচার্য জানান।
সন্ধ্যা পৌনে ৭টায় সিন্ডিকেটের সভা চলছিল বলে উপাচার্য কার্যালয় থেকে জানানো হয়।
তিনি বলেন, কিছু ছাত্র শিক্ষকের সঙ্গে দুর্ব্যবহার করার প্রতিবাদে ছাত্রকল্যাণ পরিষদের পরিচালকসহ ১৬ জন প্রভোস্ট রাতেই পদত্যাগপত্র দিয়েছেন। তবে তাদের পদত্যাগপত্র গ্রহণ করা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/১৯৪৪ ঘ.
bdnews24