চট্টগ্রাম, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকের পদত্যাগকে কেন্দ্র করে শিক্ষার্থীরা দিনভর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ ও অবস্থান ধর্মঘট করেছে রোববার।
ব্যাবসায় প্রশাসন অনুষদের দেড় হাজারেরও বেশি বিক্ষুব্ধ শিক্ষার্থী উপাচার্যকে ছয় ঘণ্টা অবরুদ্ধও করে রাখে।
বিবিএ অনুষদের ডিন অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতার কারণে শনিবার পদত্যাগ করেছেন দাবি করে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ড. মিলন তার পদত্যাগের কারণ প্রসঙ্গে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সম্পূর্ণ ব্যক্তিগত কারণে আমি পদত্যাগ করেছি। এর চেয়ে বেশি কিছু বলতে পারব না।"
বিশ্ববিদ্যালয়ের ওয়াসা মোড় ক্যাম্পাসে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত উপাচার্য ড. অনুপম সেনকে অবরুদ্ধ করে রাখে।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন (সিসিসি) পরিচালিত বিশ্ববিদ্যালয়টির মূল ক্যাম্পাস প্রবর্তক মোড়ে।
বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় অনুষদ ভবনের নিচে কর্পোরেশনের একটি সিএনজি স্টেশনও বন্ধ করে দেয় শিক্ষার্থীরা।
কোতয়ালী থানার ওসি মহিউদ্দিন মাহমুদ জানান, তারা বিষয়টি পর্যবেক্ষণ করছেন।
আন্দোলনরত শিক্ষার্থী বিবিএ চতুর্থ সেমিস্টারের মোহাম্মদ রেজা ও দ্বিতীয় সেমিস্টারের রিয়াদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিবিএ অনুষদের ডিন অধ্যাপক ড. মিলন কুমার ভট্টাচার্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতার কারণে শনিবার পদত্যাগ করেছেন।"
মিলনকে শিক্ষার্থীরা পদত্যাগ করতে দেবে না জানিয়ে ওই দুই শিক্ষার্থী বলেন, "ড. মিলন এই অনুষদের সব শিক্ষার্থীর প্রিয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমাদের স্যারকে ফিরিয়ে আনতে হবে।"
দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. অনুপম সেন আন্দোলনরত শিক্ষার্থীদের জানান, ড. মিলন কুমার ভট্টাচার্য্যরে কোন পদত্যাগপত্র তিনি পাননি। পদত্যাগপত্র পেলে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন।
পদত্যাগী শিক্ষক ড. মিলন কুমার ভট্টাচার্য্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "রোববার সকালেই উপাচার্য বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছি।"
এর পরপরই শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে তাকে বের হতে না দিলে তিনি আবার অনুষদের একটি কক্ষে চলে যান। বিকাল সাড়ে ৪টায় শিক্ষার্থীদের দাবির মুখে প্রশাসন পদত্যাগী শিক্ষক ড. মিলন কুমার ভট্টাচার্যকে ক্যাম্পাসে নিয়ে আসে।
এরপর তিনি ও উপাচার্য অনুষদ থেকে বেড়িয়ে যান।
ড.মিলন কুমার ভট্টাচার্যের আবার দায়িত্ব নেওয়ার সিদ্ধান্ত না আসা পর্যন্ত আন্দোলন চালাবে বলে কর্মসূচী চলবে বলে বিকাল সাড়ে ৫টায় মাইকে ঘোষণা দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।
ক্যাম্পাসের বাইরে বিপুল সংখ্যক পুলিশ, আর্মড পুলিশ ও র্যাব সদস্য মোতায়েন রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমসি/পিডি/১৯২২ ঘ.
bdnews24