২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির হল থেকে বোমা উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হল থেকে রোববার একটি বোমা উদ্ধার করছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2010, 10:59 AM

Updated : 24 Aug 2022, 07:20 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, মার্চ ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মাদার বখ্শ হল থেকে রোববার একটি বোমা উদ্ধার করছে পুলিশ। সকাল ১১টার দিকে হলের ছাদ থেকে বোমা ও বেশকিছু লাঠিসোটা উদ্ধার করা হয় বলে জানিয়েছেন মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন খান। তিনি সাংবাদিকদের জানান, হলের পরিচ্ছন্নতা কর্মীরা ছাদ পরিস্কার করতে গিয়ে সেখানে হাতে তৈরি বোমাটি দেখতে পায়। পরে হল কর্তৃপক্ষ বিষয়টি থানায় জানালে পুলিশ বোমাটি উদ্ধার করে। এটি লাল টেপ দিয়ে মোড়ানো। বোমাটি থানা হেফাজতে নেওয়া হয়েছে। ওসি জানান, এ বিষয়ে থানায় এখন পর্যন্ত মামলা হয়নি। মাদার বখ্শ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক বেলায়েত হোসেন হাওলাদার বলেন, এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে। হলের ছাত্রলীগ কর্মী মেহেদী হাসান, কাজী শাহনেওয়াজ ও ওবায়দুর দাবি করেন, সন্ধ্যায় এ হলের ছাত্রলীগ কর্মীরা ওই স্থানে বসে আড্ডা দেয়। শিবির ক্যাডাররা পরিকল্পিতভাবে সেখানে বোমাটি রেখে গেছে। তারা এ ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি দাবি করেন। গত ৮ ফেব্র"য়ারি রাতে বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে ছাত্রলীগকর্মী ফারুক হোসেন নিহত হন। এরপর বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে তল্লাশি করে শিবির নিয়ন্ত্রিত বিভিন্ন কক্ষ থেকে হাতে তৈরি বোমা, জিহাদি বই ও দেশি অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৩৮ ঘ.