২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বকরের পরিবারকে ২ লাখ টাকা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবু বকরের পরিবারকে দুই লাখ টাকার একটি চেক দিয়েছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Feb 2010, 01:56 PM

Updated : 24 Aug 2022, 06:59 PM

ঢাকা, ফেব্রুয়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডককম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে নিহত ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী আবু বকরের পরিবারকে দুই লাখ টাকার একটি চেক দিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে তার এক ভাইকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ারও আশ্বাস দেওয়া হয়েছে। আবু বকরের মামা আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক রোববার রাত ১১টার দিকে আবু বকরের টাঙ্গাইলের মধুপুরের বাড়িতে পৌঁছান। সেখানে তিনি ঘণ্টাখানেক অবস্থান করেন। এ সময় তিনি আবু বকরের বাবা রুস্তম আলীর হাতে ২ লাখ টাকার চেক তুলে দেন। এছাড়া আবু বকরের ভাই আব্বাস আলীকে বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়ারও আশ্বাস দেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপাচার্যের সঙ্গে ছিলেন। মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম বেঞ্জামিন রিয়াজী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এ সময় উপস্থিত ছিলেন। আধিপত্য বিস্তার নিয়ে গত ২ ফেব্রুয়ারি রাতের শুরুতে বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষে সংঘর্ষে গুরুতর আহত হন আবু বকর। ৩ ফেব্র"য়ারি সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/পিডি/১৯৪৯ ঘ.