জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খোদ প্রশাসনিক ভবনের সামনে এবার ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের এক ছাত্রী সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে যাওয়ার সময় মুখে কালো কাপড় পরা কয়েকজন তার পথ রোধ করে। এ সময় তারা তার ব্যাগ ও ওড়না ধরে টানাটানি করে এবং চাপাতি দিয়ে ধাক্কাও দেয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা তার ব্যাগটি নিয়ে যায়।
ব্যাগে ১৫শ টাকা, একটি পেনড্রাইভ, একটি মোবাইল ফোন, চাদর ও অন্যান্য জিনিসপত্র ছিল বলে তিনি দাবি করেন।
ঘটনাটি তিনি রাতে কাউকে জানাননি। সোমবার তার একটি অনুশীলনী পরীক্ষা ছিল। তবে তাতে অংশ নেননি।
ঘটনাটি সহপাঠীদের মধ্যে জানাজানি হলে বিভাগের শিক্ষার্থীরা ছিনতাইকারীদের গ্রেপ্তার ও ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তার দাবিতে প্রক্টর অধ্যাপক আরজু মিয়ার কাছে স্মারকলিপি দেয়।
ছিনতাইয়ের ঘটনা স্বীকার করে প্রক্টর অধ্যাপক আরজু মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাটি তদন্ত করতে পুলিশকে বলা হয়েছে। পাশাপাশি ক্যাম্পাসে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হচ্ছে।"
জাহাঙ্গীরনগরের বিভিন্ন স্থানসহ পাশ্ববর্তী ঢাকা-আরিচা মহাসড়কে দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের ঘটনা ঘটে আসছে। তবে এই প্রথম বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনেই এ ঘটনা ঘটলো।
জানা গেছে, রোববার সন্ধ্যার ওই ছিনতাইয়ের সময় প্রশাসনিক ভবনে সভা চলছিল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৮৩৭ ঘ.
bdnews24