২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাবির হল থেকে দুটি বোমা উদ্ধার

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংসতার চার দিন পর শনিবার সকালে শের ই বাংলা ফজলুল হক হল থেকে দুটি বোমা এবং দুটি ধারালো রামদা উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2010, 08:44 AM

Updated : 24 Aug 2022, 06:47 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়, ফেব্রুয়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সহিংসতার চার দিন পর শনিবার সকালে শের ই বাংলা ফজলুল হক হল থেকে দুটি বোমা এবং দুটি ধারালো রামদা উদ্ধার করেছে পুলিশ। অস্ত্রগুলো ছাত্র শিবিরের বলে ধারণা করছে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক সুভাষ চন্দ্র শীল। সকাল সাড়ে ১০টার দিকে হলের বাবুর্চি ঝোঁপ পরিস্কার করতে গিয়ে বোমা ও রামদাগুলো পায়। সুভাষ চন্দ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঝোঁপ পরিষ্কার করার সময় হলের দক্ষিণ পাশের দেয়ালের কাছে একটি ব্যাগের মধ্যে দুটি রামদা এবং একটি ছোট কার্টন পড়ে থাকতে দেখে সে হল কর্তৃপক্ষকে জানায়।" এরপর পুলিশ আসার পর কার্টনের ভেতর থেকে দুটি বোমা পাওয়া যায়। এর দুদিন আগে ক্যাম্পাসের একটি পুকুর এবং পার্শ্ববর্তী কাজলা এলাকা থেকে চারটি রামদা, কয়েকটি রড উদ্ধার করে পুলিশ। গত ৮ ফেব্র"য়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের কয়েকটি হলে ছাত্র শিবির ও ছাত্রলীগের সংঘাত বাঁধে। ওই সময় শিবিরের হামলায় ছাত্রলীগকর্মী ফারুক হোসেন নিহত হয় বলে পুলিশ জানায়। সেদিন শের ই বাংলা হলেও শিবির হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। প্রাধ্যক্ষ সুভাষ চন্দ্র বলেন, "ওই রাতে হামলার সময় শিবির এসব অস্ত্র ব্যবহার করে পরে সম্ভবত তা ফেলে রেখে যায়।" প্রক্টর অধ্যাপক চৌধুরী মোহাম্মদ জাকারিয়াও একই সন্দেহ প্রকাশ করে বলেন, "হলগুলোতে আরো অস্ত্র আছে কি না, তা অনুসন্ধান করা হবে।" মতিহার থানার ওসি তোফাজ্জল হোসেন সাংবাদিকেদের জানান, রামদা এবং বোমা দুটি থানায় নিয়ে যাওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৭ ঘ.