২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি ক্যাম্পাস ফাঁকা

ছাত্র হত্যার জের ধরে সাত দিনের জন্য পরীক্ষা ও ক্লাস স্থগিত হয়ে যাওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রাবাস ছেড়ে চলে যাচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2010, 03:03 PM

Updated : 24 Aug 2022, 06:45 PM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ছাত্র হত্যার জের ধরে সাত দিনের জন্য পরীক্ষা ও ক্লাস স্থগিত হয়ে যাওয়ার পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রাবাস ছেড়ে চলে যাচ্ছে। বৃহস্পতিবার রাতে রাজনীতি বিজ্ঞান বিভাগের ছাত্র এ এম মহিউদ্দীন নিহত হওয়ার পর শুক্রবার দুপুর না গড়াতেই ফাঁকা হয়ে যায় ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোহাম্মদ জসীমউদ্দিন বলেন, "সম্ভবত শিক্ষার্থীরা আতংকে ক্যাম্পাস ছাড়ছে।" প্রক্টর এ কথা বললেও সাধারণ সময়ের চেয়ে অতিরিক্ত কোনো পুলিশ ক্যাম্পাসে নেই। চবি পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন আহাম্মদ বলেন, "আমাদের এখানে নিয়মিত পুলিশের বাইরে অতিরিক্ত পুলিশ নেই।" শুক্রবার সকাল থেকেই ছয়টি ছাত্র হল ও তিনটি ছাত্রী হল থেকে দলে দলে শিক্ষার্থীরা ক্যাম্পাস ছাড়তে থাকে। বন্ধ করে রাখা প্রধান ফটকে কয়েকজন পুলিশ সদস্য ও হল গুলোতে শিবির নেতাকর্মী ছাড়া পুরো ক্যাম্পাসে শুক্রবার বিকালের পর সাধারণ শিক্ষার্থীদের ক্যাম্পাসে দেখা যায়নি। ছাত্রদের সোহরাওয়ার্দী হল, আমানত হল ও আব্দুর রব হলের ফটকে বেঞ্চ পেতে ছাত্রশিবির নেতা কর্মীদের অবস্থান করতে দেখা যায়। সোহরাওয়ার্দী হলের আবাসিক ছাত্র সরোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সারারাত আমরা ঘুমাতে পারিনি এবং আমরা কিছু সাধারণ ছাত্র এক হয়ে হলের একটি কক্ষে ভয়ে ভয়ে রাত কাটিয়েছি।" সকালেই নিজেসহ সোহরাওয়ার্দী হলের অনেক আবাসিক ছাত্ররা হল ছেড়ে শহরের বিভিন্ন জায়গা এবং মেসে আশ্রয় নিয়েছে বলে তিনি জানান। তিনি আরো বলেন, সোহরাওয়ার্দী হলে এখন শিবিরের কর্মী ছাড়া আর কেউ নেই। হলের বাইরে সকাল থেকে পাহারায় আছে ছাত্রশিবির কর্মীরা। ক্যাম্পাসে অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএডি/জিএনএ/২০৫৬ ঘ.