২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিবির প্রতিহতের হুমকি ছাত্রলীগের

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক কর্মী নিহত হওয়ার পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরকে প্রতিহত করার হুমকি দিয়েছে ছাত্রলীগ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2010, 11:52 AM

Updated : 24 Aug 2022, 06:42 PM

ঢাকা, ফেব্রুয়ারি ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এক কর্মী নিহত হওয়ার পর দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র শিবিরকে প্রতিহত করার হুমকি দিয়েছে ছাত্রলীগ। রাজশাহীর ঘটনার প্রতিক্রিয়ায় মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সমাবেশে ছাত্রলীগ সভাপতি মাহমুদ হাসান রিপন বলেন, "ক্যাম্পাসে ক্যাম্পাসে শিবিরকে প্রতিহত করার মাধ্যমে এ হত্যার জবাব দেওয়া হবে।" শিবির প্রতিরোধে প্রগতিশীল সব ছাত্র সংগঠনকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সোমবার রাতভর সংঘর্ষে নিহত হন ছাত্রলীগকর্মী ও গণিত বিভাগের শিক্ষার্থী ফারুক হোসেন। পুলিশ জানিয়েছে, শিবিরকর্মীদের হামলায় তিনি নিহত হন। এর প্রতিবাদে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করে ছাত্রলীগ। মিছিলের পর সমাবেশে ছাত্রলীগের সভাপতি বলেন, "দেশ নিয়ে গভীর ষড়যন্ত্রের অংশ হিসাবে রাজশাহীতে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। শিবির এর মাধ্যমে তাদের অতীতের হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতিরই স্বরূপ আবারো জাতির সামনে তুলে ধরেছে।" সমাবেশে ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা দাবি করেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবু বকরের মৃত্যুর পেছনেও শিবিরের ইন্ধন ছিলো। তিনি বলেন, "এ এফ রহমান হলেও ছাত্রলীগের অন্তর্কোন্দলের সুযোগ নিয়ে আবু বকরকে হত্যায় শিবিরের হাত ছিলো।" ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের সময় ইটের আঘাতে আবু বকর আহত হয়েছিলো বলে পুলিশ বলে আসছে। তবে প্রত্যক্ষদর্শীরা বলছেন, পুলিশের টিয়ার শেলের আঘাতেই আহত হন বকর। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। ছাত্রলীগের দপ্তর সম্পাদক নাসিম আল মোমিন রূপক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাজশাহীতে ফারুক হত্যার প্রতিবাদে বুধবার দেশের সব কলেজ ও বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবেন তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩৪ ঘ.