২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবি ছাত্রের মৃত্যুর প্রতিবাদে বিভিন্ন কর্মসূচি পালন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষের ঘটনায় ছাত্র আবু বকরের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি পেশ এবং পরীক্ষা বর্জনসহ নানা কর্মসূচি পালন করেছে শিক্ষক, বিভিন্ন ছাত্র সংগঠন ও নিহতের বন্ধুরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 02:02 PM

Updated : 24 Aug 2022, 06:35 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্র"পের সংঘর্ষের ঘটনায় ছাত্র আবু বকরের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল, স্মারকলিপি পেশ এবং পরীক্ষা বর্জনসহ নানা কর্মসূচি পালন করেছে শিক্ষক, বিভিন্ন ছাত্র সংগঠন ও নিহতের বন্ধুরা। সকাল সোয়া ১১টায় অপরাজেয় বাংলার পাদদেশে কালো ব্যাজ পরে মানববন্ধন করেন আবু বকরের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা। মানববন্ধন শেষে উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা। এছাড়া বিভাগে উত্তোলন করা হয় কালো পতাকা। ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সিন্ডিকেট কর্তৃক এ হত্যার তদন্ত, দোষীদের বিচার, ক্ষতিপূরণ প্রভৃতি বিষয়ে এক ধরণের চাপ দেওয়ার জন্য আমরা আজকের এ কর্মসূচি পালন করেছি। এ ধরনের কর্মসূচি চলতে থাকবে।" বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হুমায়ুন কবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আগামী শনি ও রোববার বিভাগে শোক পালন করা হবে। এ ছাড়া আবু বকরের মা-বাবা সম্মত থাকলে আগামী ১২ ফেব্র"য়ারি শোক সমাবেশ করা হবে। বৃহস্পতিবার ইসলামের ইতিহাস ছাড়াও দর্শন, ম্যানেজমেন্ট অ্যান্ড ইনফরমেশন সিস্টেমসসহ বেশ কিছু বিভাগের মিডটার্ম পরীক্ষা হয়নি। এছাড়া বিশ্ববিদ্যালয় জুড়ে বিভিন্ন বিভাগের ক্লাশ হয়নি। আবু বকরের মৃত্যুর ঘটনায় ক্যাম্পাসে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্রজোট, সাম্রাজ্যবাদ বিরোধী ছয় ছাত্র সংগঠন, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট এবং ছাত্র ফেডারেশন। বিক্ষোভ মিছিল ছাড়াও প্রগতিশীল ছাত্রজোট ৫ দফা দাবিতে উপাচার্য কার্যালয় ঘেরাও, উপাচার্যকে স্মারকলিপি পেশ এবং সাংবাদিক সম্মেলন করেছে। তাদের ৫ দফা হচ্ছে- আবু বকর হত্যায় 'জড়িত' পুলিশ ও ছাত্রলীগ সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার, প্রশাসন কর্তৃক সন্ত্রাসীদের প্রশ্রয়দান বন্ধ ও প্রক্টরের পদত্যাগ, হলে মেধার ভিত্তিতে সিট বণ্টন ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা, নতুন হল নির্মাণ এবং বিশ্ববিদ্যালয়ে ও হলে পরিবেশ পরিষদ কার্যকর করা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসকে/২০০২ঘ.