২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'নকল হলে প্রতিষ্ঠানের বিরুদ্ধেও ব্যবস্থা'

আসন্ন এসএসসি পরীক্ষায় নকল হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2010, 09:57 AM

Updated : 24 Aug 2022, 06:36 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আসন্ন এসএসসি পরীক্ষায় নকল হলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেছেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। এএসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ সতর্কবার্তা দেন। আগামী ১১ ফেব্র"য়ারি এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। ১০টি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৪৪টি কেন্দ্রে ২৬ হাজার ১৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের সর্বমোট ১২ লাখ ৬ হাজার ১৯ শিক্ষার্থী এবার পরীক্ষায় অংশ নেবে। এর মধ্যে ৬ লাখ ২৭ হাজার ৬৭২ জন ছাত্র এবং ৫ লাখ ৭৮ হাজার ৩৪৭ জন ছাত্রী। সচিবালয়ে সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকের পর সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী বলেন, "এসএসসি পরীক্ষায় কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী নকল করতে সহায়তা করলে তাৎক্ষণিকভাবে তাকে বহিষ্কার এবং শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বন্ধ করা হবে।" কোনো কেন্দ্রে নকলের অভিযোগ উঠলে ওই পরীক্ষা কেন্দ্র বাতিল করা হবে বলেও ঘোষণা দেন তিনি। এসএসসি ও সমমানের পরীক্ষায় এবার পরীক্ষার্থীর সংখ্যা আগের চেয়ে ১ লাখ ৪২ হাজার ৫৩৫ জন বেশি। ২০০৯ সালে পরীক্ষার্থীর সংখ্যা ছিলো ১০ লাখ ৬৩ হাজার ৪৮৪ জন। "এ তথ্য প্রমাণ করে এখন মাধ্যমিক স্তরে শিক্ষার্থী ঝরে পড়ার সংখ্যা কম", বলেন শিক্ষামন্ত্রী। সাতটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসিতে এবার অংশ নেবে ৯ লাখ ১৬ হাজার ১৮০ জন। মাদ্রাসা বোর্ডের অধীন দাখিলে মোট পরীক্ষার্থী ২ লাখ ১১ হাজার ৮৬০ জন। কারিগরি বোর্ডের পরীক্ষার্থীর সংখ্যা ৭৭ হাজার ৯৭৯। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানে সরকার সচেষ্ট- এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, নকল শিক্ষা ব্যবস্থার জন্য আপদ। তাই এটা চিরতরে নির্মূল করতে যা যা করণীয় করা হবে। "এ ক্ষেত্রে কোনো শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী বিন্দু পরিমাণ শৈথিল্য দেখালেও তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেওয়া হবে", বলেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/আরএ/এমআই/১৫৫০ ঘ.