২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবিতে সংঘর্ষের পর ছাত্রলীগের ৯ নেতা-কর্মী গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর সংগঠনটির হল শাখার সভাপতিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2010, 05:03 AM

Updated : 24 Aug 2022, 06:33 PM

ঢাকা, ফেব্র"য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হলে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষের পর সংগঠনটির হল শাখার সভাপতিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতের ওই সংঘর্ষে ২৫ জন আহত হয়। হলের শিক্ষার্থীরা জানায়, একটি কক্ষে ছাত্র উঠানোকে কেন্দ্র করে হল সভাপতি ও সাধারণ সম্পাদকের অনুসারীদের মধ্যে সংঘর্ষ হয়। উভয় পক্ষ দুই ব্লকে রামদা, চাপাতি, পাইপ, লাঠি, হকিস্টিক নিয়ে একে অপরের ওপর ওপর হামলা চালায়। শাহবাগ থানার ওসি রেজাউল করিম মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংঘর্ষের পর নয়জনকে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। তবে দুপুর পর্যন্ত কোনো মামলা হয়নি বলে জানান তিনি। গ্রেপ্তারকৃতরা হলেন, ছাত্রলীগের হল শাখার সভাপতি সাইদুজ্জামান ফারুক, লোক প্রশাসন বিভাগের প্রথম বর্ষের ছাত্র ফয়সাল, ব্যবস্থাপনা বিভাগের প্রথম বর্ষের জসীম, ইতিহাস বিভাগের প্রথম বর্ষের রফিক ও কায়েস, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের রাকিব, সমাজবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের আলাল ও দ্বিতীয় বর্ষের জুয়েল এবং হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের রকিব। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষার্থী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হলের ৩১১ নম্বর কক্ষটিতে হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান মোল্লার সমর্থকরা থাকতো। সোমবার রাতে সভাপতি ফারুকের সমর্থকরা এক ছাত্রকে সেখানে ওঠাতে গেলে তা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়। রাত ১টার দিকে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ধাওয়া-পাল্টা ধাওয়ার পাশাপাশি হলের এক ব্লক থেকে আরেক ব্লকে চলে ঢিল ছোড়াছুড়ি। প্রত্যক্ষদর্শীরা জানায়, উভয় পক্ষই বোতলের মধ্যে পেট্রোল ভরে আগুন ধরিয়ে পরস্পরের দিকে নিক্ষেপ করে। বেশ কয়েক রাউন্ড গুলির শব্দও হয়েছে। ওই সময় অন্তত ২০টি কক্ষ ভাঙচুর হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ২টার দিকে পুলিশ হলে ঢুকে উভয়পক্ষকে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়। ঘটনাস্থল থেকে ২০-২৫টি রড, একটি চাপাতি ও বেশ কিছু লাঠি উদ্ধার করে পুলিশ। সংঘর্ষে আহতদের মধ্যে রয়েছেন ছাত্রলীগের হল শাখার সাধারণ সম্পাদক মেহেদী, ওমর ফারুক, আমিনুল ইসলাম ও সাজু। এছাড়া সংঘর্ষের সময় ভয়ে তৃতীয় ও চতুর্থ তলা তেকে লাফিয়ে নামতে গিয়ে কয়েকজন সাধারণ শিক্ষার্থীও আহত হয়েছে। সব মিলিয়ে এ সংখ্যা ২৫ বলে হলের ছাত্ররা জানায়। আহতদের বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্র ও ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সংঘর্ষের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুল ইসলাম খান রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনা শোনার পর এখানে এসেছি। পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছি।" হলের শিক্ষার্থীরা অভিযোগ করেছে, সংঘর্ষের অনেক পরে পুলিশ সেখানে যায়। তবে দেরিতে পৌঁছনোর অভিযোগ নাকচ করে ঢাকা মহানগর পুলিশের রমনা জোনের কর্মকর্তা সৈয়দ নুরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনার পর ফোর্স রেডি করার জন্য যে সময়টা লেগেছে, তাই আমরা নিয়েছি। আমরা ওখানে গিয়ে অভিযান চালিয়ে পরিস্থিতি শান্ত করি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জিএমএ/প্রতিনিধি/এফএফ/এমআই/১৬২৫ ঘ.