২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ঝরে পড়ছে বিপুল সংখ্যক ছাত্রী

ছাত্রী উপবৃত্তি প্রদানসহ নানা ব্যবস্থা গ্রহণ করা হলেও রোধ হচ্ছে না ছাত্রীদের ঝরে পড়া। অষ্টম শ্রেনীতে এসে ঝরে পড়ছে বিপুল সংখ্যক ছাত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 04:02 PM

Updated : 25 Aug 2022, 07:53 PM

জান্নাতুল ফেরদাউস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রী উপবৃত্তি প্রদানসহ নানা ব্যবস্থা গ্রহণ করা হলেও রোধ হচ্ছে না ছাত্রীদের ঝরে পড়া। অষ্টম শ্রেনীতে এসে ঝরে পড়ছে বিপুল সংখ্যক ছাত্রী। বৃহস্পতিবার জুনিয়র স্কুল সার্টিফিকেট ও জুনিয়র দাখিল সার্টিফিকেট পরীক্ষার ফল পর্যালোচনায় এ চিত্র পাওয়া গেছে। ছাত্রের তুলনায় ছাত্রীদের নিবন্ধন সংখ্যা বেশি হলেও পরীক্ষায় অংশগ্রহণের হার, পাসের হার এবং জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্রীরা খারাপ করেছে। পরীক্ষার ফল থেকে প্রাপ্ত তথ্যে দেখা যায়, এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় মোট আট লাখ দু' হাজার ৪৮৩ জন ছাত্রী পরীক্ষার নিবন্ধন করে। কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেছে ৭ লাখ ৩৪ হাজার ৪ জন। নিবন্ধন করেও পরীক্ষায় অংশগ্রহণ করেনি ৬৮ হাজার ৪৭৯ জন ছাত্রী। অর্থাৎ মোট সাড়ে আট শতাংশ ছাত্রীই নিু মাধ্যমিকে ঝরে পড়ছে। শুধু জেএসসিতেই নিবন্ধন করেও পরীক্ষায় অংশগ্রহণ করেনি ৪৮ হাজার ৬৬৯ জন ছাত্রী। জেডিসিতে এ সংখ্যা ১৯ হাজার ৮১০ জন। ছাত্রের তুলনায় পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রীর সংখ্যা বেশি হলেও পাসের হার ৭০ দশমিক ৬৮ শতাংশ। ছাত্রীদের এ ফলাফল বিপর্যয় ঘটার কারণ সম্পর্কে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেছেন, ছাত্রীদের পরীক্ষায় অংশগ্রহণের সংখ্যা বাড়ছে। কিন্তু কেন ছাত্রীদের ফলাফল খারাপ হয়েছে এবং অনুপস্থিতি বাড়ছে এ বিষয়ে খতিয়ে দেখা হবে। ছাত্রীদের পড়ালেখায় ধরে রাখতে সরকার উপবৃত্তিও দিচ্ছে। এই উপবৃত্তির আওতায় ৪০ শতাংশ ছাত্রীকে বৃত্তি দেয়া হচ্ছে। শিক্ষা সচিব কামাল আব্দুল নাসের জানান, উপবৃত্তির সংখ্যা আরো বৃদ্ধি করতে প্রধানমন্ত্রী একটি ট্রাস্ট ফান্ড গঠনের নির্দেশ দিয়েছেন। এ ফান্ডের অধীনে আরো বেশি সংখ্যক ছাত্রীকে উপবৃত্তি দেয়া হবে। এছাড়া ছাত্রীদের অংশগ্রহণের হার আরো বাড়াতে এবং তাদের ঝরে পড়া রোধ করতে সরকার আন্তরিকভাবে কাজ করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/২১৫৭ ঘ.