ঢাকা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র মাদ্রাসা সার্টিফিকেট (জেডেসি) পরীক্ষায় সারাদেশে তিনশ ৬৭টি প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থীও পাস করেনি।
শূন্য পাসের তালিকায় দিনাজপুর শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠান রয়েছে ১৩০টি, রাজশাহীর ৬৩টি, যশোরের ৩৬টি, বরিশালের ১৬টি, ঢাকার ১৪টি, সিলেটের ছয়টি, চট্টগ্রামের চারটি এবং কুমিল্লা শিক্ষা বোর্ডের তিনটি প্রতিষ্ঠান।
মাদ্রাসা বোর্ডের অধীন ৯৫টি প্রতিষ্ঠান থেকে কেউ পাস করতে পারেনি।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ জানিয়েছেন এসব প্রতিষ্ঠান থেকে কেনো শিক্ষার্থীরা পাস করতে পারেনি তার কারণ চিহ্নিত করা হবে।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কারণ চিহ্নিত করে পরবর্তীতে যেনো প্রতিষ্ঠানগুলো ভালো ফল করতে পারে সে বিষয় পদক্ষেপ নেওয়া হবে।"
অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় ৭১ দশমিক ৩৪ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। জেডিসি পরীক্ষায় উত্তীর্ণের হার ৮১ দশমিক ০৩ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এসআই/আরএ/১৮১০ ঘ.
bdnews24