২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে জিপিএ-৫ পেয়েছে ২০৩ জন

২০১০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২০৩ জন শিক্ষার্থী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2010, 11:15 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

সিলেট, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১০ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (জেএসসি) সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ২০৩ জন শিক্ষার্থী। বোর্ডের অধীন চার জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৬৬ হাজার ৭২৯ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে ৪১ হাজার ৩৫১ জন। পাসের হার ৬১ দশমিক ৯৭ শতাংশ। বৃহস্পতিবার ঘোষিত ফলাফলে দেখা গেছে, বোর্ডে মেয়েদের চেয়ে ছেলেরা ভালো করেছে। সার্বিক ফলাফলে প্রথম হয়েছে সিলেট ক্যাডেট কলেজ। বৃহস্পতিবার বেলা ৩টায় সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মনির উদ্দিন ফলাফল প্রকাশ করেন। তিনি জানান, পরীক্ষায় ২৯ হাজার ৭৭৮ জন ছেলে অংশ নিয়ে পাস করেছে ১৯ হাজার ৩৭৭ জন; পাসের হার ৬৫ দশমিক ০৭ শতাংশ। পরীক্ষায় ৩৬ হাজার ৯৫১ জন মেয়ে অংশ নিয়ে পাস করেছে ২১ হাজার ৯৭৪ জন; পাসের হার ৫৯ দশমিক ৪৭ শতাংশ। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ছেলে ১১৯ জন এবং মেয়ে ৮৪ জন। বোর্ডে এ গ্রেডে ২ হাজার ৬৩১ জন, এ মাইনাস গ্রেডে ৩ হাজার ৬৪৫ জন, বি গ্রেডে ৬ হাজার ৩০৩ জন, সি গ্রেডে ২০ হাজার ৯১৫ জন ও ডি গ্রেডে ৭ হাজার ৬৫৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ফলাফল সম্পর্কে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মনির উদ্দীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রথমবারের মতো আয়োজিত এ পরীক্ষার ফলাফলে আমরা সন্তষ্ট। শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের পরিশ্রমের ফসল এই ভালো ফল।" বোর্ডের সেরা ২০ প্রতিষ্ঠান: পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তির বিবেচনায় বোর্ডের সেরা ২০টি প্রতিষ্ঠান হচ্ছে- সিলেট ক্যাডেট কলেজ, ব্লু বার্ড উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ, সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গলের দি-বার্ড রেসিডেনসিয়াল স্কুল অ্যান্ড কলেজ, হবিগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, শ্রীমঙ্গলের বিটিআরআই উচ্চ বিদ্যায়য় ও বিকেজিসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, সিলেট রাইফেলস পাবলিক স্কুল, মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের দি ফ্লাওয়ার্স কেজি উচ্চ বিদ্যালয়, সিলেটের স্কলার্স হোম, শাহজালাল জামেয়া ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, গোলাগগঞ্জের এমসি একাডেমী, সুনামগঞ্জের এসসি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, মৌলভীবাজারের আলী আমজাদ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জের গোবিন্দপুর সরকারি উচ্চ বিদ্যালয়, সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চ বিদ্যালয় ও সুনামগঞ্জের ছাতক সিমেন্ট ফ্যাক্টরি উচ্চ বিদ্যলয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১৭০৭ ঘ.