২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রাথমিকে ঝরে পড়ার সংখ্যা বেড়েছে

প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় গত বছরের চেয়ে এবার উত্তীর্ণের হার বাড়লেও ঝরে পড়েছে সাড়ে ৩ লাখের বেশি শিশু, এ সংখ্যা গত বছরের চেয়ে বেশি। ফল পর্যালোচনা করেছেন জান্নাতুল ফেরদাউস।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2010, 03:34 AM

Updated : 25 Aug 2022, 07:53 PM

জান্নাতুল ফেরদাউস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক ঢাকা, ডিসেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে। গত বছরের তুলনায় এবার এই সংখ্যা বেড়েছে ছয় হাজারের বেশি। এবছর ঝরে পড়েছে ৩ লাখ ৬৫ হাজার ৭০ জন শিক্ষার্থী। গত বছর এ সংখ্যা ছিলো ৩ লাখ ৫৯ হাজার ৮৪১। প্রাথমিক স্তরে সমাপনী পরীক্ষা গত বছর থেকে শুরু হয়। এ বছর থেকে শুরু হয়েছে মাদরাসার এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষাও। মঙ্গলবার চলতি বছরের এই দুটি পরীক্ষার ফল ঘোষণা করা হয়। প্রাথমিকে উত্তীর্ণের হার ৯২ দশমিক ৩৪, এবতেদায়ীতে উত্তীর্ণের হার ৮৩ দশমিক ৯৩ শতাংশ। গত বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণের হার ছিলো ৮৮ দশমিক ৮৪ শতাংশ। এবার পরীক্ষা শুরুর আগে (২১ নভেম্বর) প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানিয়েছিলো, এ বছরের প্রাথমিক ও এবতেদায়ীর সমাপনীতে পরীক্ষার্থীর সংখ্যা মোট ২৪ লাখ ৮৮ হাজার ১৪৮। এর মধ্যে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় পরীক্ষার্থী ২১ লাখ ৫৬ হাজার ৭২১ জন। ফল পর্যালোচনায় দেখা যায়, প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১৭ লাখ ৯১ হাজার ৬৫১ জন। ঝরে পড়েছে ৩ লাখ ৬৫ হাজার ৭০ জন শিক্ষার্থী। এ বছরের প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষার প্রথম দিনেই কেন্দ্রে অনুপস্থিত ছিলো ২ লাখ ৮৩ হাজার ১৩২ জন শিক্ষার্থী। এবতেদায়ী পরীক্ষায় ৩ লাখ ৩১ হাজার ৬০৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণের জন্যে নিবন্ধন করেছিলো। পরীক্ষা দিয়েছে ২ লাখ ৬৪ হাজার ৮৬৬ জন। উত্তীর্ণ হয়েছে ২ লাখ ২২ হাজার ৩১৫ শিক্ষার্থী। এবতেদায়ী স্তর থেকে ঝরে পড়েছে ১ লাখ ৯ হাজার ২৯৩ শিক্ষার্থী। গত বছর প্রাথমিকের (পঞ্চম শ্রেণী) শিক্ষা সমাপনী পরীক্ষায় ঝরে পড়ে সাড়ে ৩ লাখের বেশি শিক্ষার্থী। আর এ বছর প্রাথমিক ও এবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা মিলিয়ে ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা প্রায় পৌনে ৫ লাখ। পরীক্ষার ফল অনুযায়ী, গতবছর প্রথমবার হওয়া প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করে ১৯ লাখ ৭৯ হাজার ৮৯৫ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ১৮ লাখ ২৩ হাজার ৪৬৫ জন। উত্তীর্ণ হয় ১৬ লাখ ২০ হাজার ৫৪ জন। ঝরে পড়ার সংখ্যা তিন লাখ ৫৯ হাজার ৮৪১ জন। শিক্ষার্থীদের ঝরে পড়ার বিষয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আফসারুল আমীন সাংবাদিকদের বলেন, গত বছর যেসব শিক্ষার্থী পঞ্চম শ্রেণীর সমাপনী পরীক্ষা দেয়নি এবং যারা পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছিলো তাদের বিদ্যালয়ের আওতায় আনতে সরকার নানা ধরনের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে যেসব শিক্ষার্থী বিদ্যালয়ে পড়ে না তাদের বিদ্যালয়ে আনতে 'রিচিং আউট অব স্কুল চিলড্রেন প্রজেক্ট'সহ বেশ কিছু বেসরকারি সংস্থাকে বিদ্যালয় পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। এ বছর বেসরকারি সংস্থা পরিচালিত বিদ্যালয় থেকে ভুয়া পরীক্ষার্থী পাঠানোর অভিযোগ পাওয়া গেছে। প্রকাশিত ফলেও দেখা গেছে, এই বিদ্যালয়গুলোর ফলেও বিপর্যয় ঘটেছে। গণশিক্ষা মন্ত্রী জানান, প্রতারণার অভিযোগে ৬০টি উপজেলায় বিদ্যালয় পরিচালনা করে এমন প্রায় ৪০০টি বেসরকারি সংস্থাকে কালো তালিকাভুক্ত করে বিদ্যালয় পরিচালনার অনুমতি বাতিল করা হয়েছে। এছাড়া মন্ত্রণালয়ের মনিটরিং ব্যবস্থাও আরো জোরদার করা হয়েছে। বেশকিছু সংস্থার বরাদ্দও বন্ধ করে দেওয়া হয়েছে। প্রকাশিত সমাপনী পরীক্ষার ফল পর্যালোচনায় দেখা গেছে, সবচেয়ে খারাপ করেছে 'রিচিং আউট অব স্কুল চিলড্রেন' প্রকল্পের অধীনে পরিচালিত আনন্দ বিদ্যালয়গুলো। এবার ৬ হাজার ৬৬১টি আনন্দ বিদ্যালয়ের ১ লাখ ৪৩ হাজার ৪৬৬ শিক্ষার্থী নিবন্ধন করেছিলো। এদের মধ্যে অনুপস্থিত ছিলো ৬৬ হাজার ৮১৭ জন। পরীক্ষায় উত্তীর্ণের হার ৪৮ দশমিক ৬৭ শতাংশ। এর মধ্যে ২ হাজার ২১১টি বিদ্যালয়ের কোনো শিক্ষার্থীই উত্তীর্ণ হয়নি। আনন্দ বিদ্যালয়ের কার্যক্রম বিষয়ে প্রাথমিক শিক্ষা বিষয়ক প্রতিমন্ত্রী মোতাহার হোসেন সাংবাদিকদের বলেন, যারা বিদ্যালয়ে পড়ে না তাদের বিদ্যালয়ে আনার জন্যই আনন্দ বিদ্যালয়কে দায়িত্ব দেওয়া হয়েছিলো। কিন্তু সফলতা আসেনি। বরং এই বিদ্যালয়গুলোর কারণে প্রাথমিক শিক্ষার ফলে আরো জটিলতা সৃষ্টি হয়েছে। তাই এবার সরকারও কঠোর হবে। তিনি বলেন, প্রথমবার এসব বিদ্যালয়কে পরীক্ষার ফলের ব্যাপারে সতর্ক করা হয়েছিলো। এবার এসব পরিচালনাকারী বেসরকারি সংস্থাগুলোর বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এমএসবি/এমআই/০৯৩০ ঘ.