ঢাকা, ডিসেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উচ্চ শিক্ষার প্রসারে সরকার প্রতিটি জেলা সদরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে বলে জানিয়েছেন স্পিকার মো. আবদুল হামিদ।
সেইসঙ্গে ২০১৩ সালের মধ্যে শিক্ষার্থীদের স্নাতক পর্যন্ত বিনা বেতনে অধ্যয়নের ব্যবস্থা এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার মান নিশ্চিত করতে অ্যাক্রিডিটেশন কাউন্সিল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার এক তথ্য বিবরণীতে বলা হয়, ঢাকায় ১৭তম ওয়ার্ল্ড ফেডারেশন অব টিচার্স ইউনিয়ন কনফারেন্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব পরিকল্পনার কথা জানান।
আবদুল হামিদ বলেন, "সর্বস্তরের জনগণের অভিমতের আলোকে ইতিমধ্যে শিক্ষা নীতিমালা চূড়ান্ত করা হয়েছে। উচ্চ শিক্ষায় গবেষণা কাজ উৎসাহিত করতে জাতীয় বাজেটে অধিক বরাদ্দ রাখা হয়েছে।
"এছাড়া মানসম্মত শিক্ষার জন্য নীতিমালায় র্যাংকিং পদ্ধতি প্রণয়ন এবং গ্রেডিং পদ্ধতি চালু করা হয়েছে যাতে বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশে রূপান্তর করা যায়।"
সংবিধানের ১৭ অনুচ্ছেদের আলোকে শিক্ষকদেরকে গণমুখী ও সার্বজনীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠার আহবান জানিয়ে তিনি বলেন, "আর্থ-সামাজিক উন্নয়নে শিক্ষার বিকল্প নেই এবং শিক্ষকরাই জাতির মেরুদণ্ড।"
অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির (নায়েম) মহাপরিচালক শামসুর রহমান, অধ্যক্ষ এম এ আউয়াল সিদ্দিকী, অধ্যাপক মাহফুজা খানম প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/কেএমএস/২০১১ ঘ.
bdnews24