ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিনামূল্যের পাঠ্যপুস্তকের অতিরিক্ত চাহিদা দেওয়া রাজধানীর একশ ৪৩টি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার।
সরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রধান শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হবে বলে জানান জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) কর্মকর্তা রতন সিদ্দিকী। এছাড়া নিবন্ধিত বেসরকারি প্রতিষ্ঠানের নিবন্ধন বাতিল এবং এমপিওভুক্ত প্রতিষ্ঠানের এমপিও বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিনামূল্যের বই বিতরণে বিশেষ দায়িত্বপ্রাপ্ত রতন সিদ্দিকী জানান, ১-৭ জানুয়ারির মধ্যে অতিরিক্ত বই ফেরত না দিলে এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে যাবে।
তিনি জানান, সোমবার পর্যন্ত ৪১টি শিক্ষা প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়েছে।
সোমবার সকালে এ বিষয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সঙ্গে এ বিষয়ে বৈঠক হয়েছে বলে জানান তিনি।
রতন সিদ্দিকী জানান, পল্লবীর প্রগতি উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি অভিযোগের সত্যতা পান। এখানে সপ্তম শ্রেণীর প্রাপ্য বইয়ের সেট ১৭৪ হলেও তারা ২৯৩ সেটের চাহিদা দিয়ে অতিরিক্ত ১১৯ সেট বই নিয়েছিলো বিদ্যালয়টি।
তিনি জানান, তালিকাভুক্ত সবগুলোতেই যে এমন প্রমাণ মেলে তা নয়। যেসব স্কুলে এমন প্রমাণ পাওয়া গেছে সেসব স্কুলে অতিরিক্ত বইয়ের সেট ফেরত দিতে বলা হয়েছে।
স্কুলগুলোর নেওয়া অতিরিক্ত বইগুলো বাজারে বিক্রির সম্ভাবনা রয়েছে এমন আশঙ্কা করে তিনি বলেন, এ বিষয়টি ঠেকাতে ৩১ ডিসেম্বর থেকেই বিনামূল্যের বই যাতে বিক্রি না হয় তাই পুলিশি অভিযান চালানো হবে।
সারা দেশে আরো চার লাখ অতিরিক্ত বই গিয়েছে বলে আশঙ্কা করছেন এ কর্মকর্তা। বিভাগীয় এবং জেলা পর্যায়ে এসব বই উদ্ধারে পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে, বিনামূল্যের বইয়ের জন্যে মার্চ মাসের মধ্যেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চাহিদা দেয়ার নিয়ম থাকলেও নতুন আরো একশ' ১৯টি শিক্ষা প্রতিষ্ঠান এক লাখ ১৭ হাজার নতুন বইয়ের চাহিদা দিয়েছে। ষষ্ঠ থেকে নবম শ্রেনী পর্যন্ত এ বইয়ের চাহিদা দেওয়া হয়েছে।
এ প্রতিষ্ঠানগুলো প্রথমে চাহিদা না দিলেও এখন কেন দিয়েছে এমন প্রশ্নের জবাবে ওই কর্মকর্তা জানান, এ বিষয়টিও তদন্ত করা হবে। তবে, তাদেরকে বাফার স্টক থেকে বই দেওয়া হবে বলে জানান তিনি।
নিয়মানুযায়ী, প্রাথমিকের ১৫ শতাংশ এবং মাধ্যমিকের ৫ শতাংশ বই বাফার স্টক করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/পিডি/২১২৩ ঘ.
bdnews24