ঢাকা, ডিসেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্ঞাত আয় বহির্ভূত সম্পত্তি থাকার অভিাযোগে উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অধ্যক্ষ খালেদা হাবিবের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার বিকালে রমনা থানায় মামলাটি করেন দুদকের উপ-সহকারি পরিচালক মো. নাজিমউদ্দিন।
তথ্য গোপন ও জ্ঞাত আয় বর্হিভূত সম্পত্তির থাকার অভিযোগে এই মামলা করা হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান রমনা থানার পরিদর্শক (তদন্ত) আবদুল কুদ্দুস।
মো. নাজিমউদ্দিন জানান, চলতি বছরের ১৫ এপ্রিল খালেদা হাবিবকে সম্পত্তির হিসাব বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়।
৯ মে তিনি যে বিবরণী দাখিল করেন, তাতে তার মোট সম্পত্তির পরিমাণ দুই কোটি ৮৬ লাখ ৭০ হাজার একশ এক টাকা দাবি করা হয়। তদন্তে আরো ৭৫ লাখ ৬ হাজার দুশ ৭৩ টাকা পাওয়া যায়, যার কোনো উৎস তিনি দেখাতে পারেননি।
এছাড়া বিবরণীতে তিনি ৩০ লাখ ৬০ হাজার একশ ৬৫ টাকা সমপরিমাণের সম্পত্তির তথ্য উল্লেখ করেননি বলে জানান মো. নাজিমউদ্দিন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমইউএস/পিডি/২০১৫ ঘ.
bdnews24