ইসলামী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ায় অবস্থিত ইসলামী বিশ্ববিদ্যালয়ের বুধবার অনুষ্ঠেয় 'খ' ইউনিটের মৌখিক পরীক্ষা স্থগিত করা হয়েছে।
আগামী ১ জানুয়ারি সকাল ৯টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
সকালে পরীক্ষা অনুষ্ঠানের আগে কিছু ছাত্র অনিয়মের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয়ে 'খ' ইউনিটের সমন্বয়কারী এইচ এম আক্তারুল ইসলামকে তালাবদ্ধ করে রাখার পর পরীক্ষা স্থগিতের এ বিজ্ঞপ্তি দেওয়া হয়।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অনিয়মের অভিযোগে কিছু ছাত্র ইউনিট সমন্বয়কারী আক্তারুল ইসলামের অফিস বিভাগে তালা ঝুলিয়ে দেয়। প্রায় এক ঘণ্টা তিনি অবরুদ্ধ থাকেন।
খবর পেয়ে প্রক্টর মো. মাহবুবুল আরফিন ও বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন ও সাধারণ সম্পাদক সামছুজ্জামান তুহিন ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এজে/১৬৪৬ ঘ.
bdnews24