রাজশাহী বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রেডিং বৈষম্য নিরসনের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা মঙ্গলবার ক্লাশ বর্জন ও অবস্থান ধর্মঘট করেছে।
পরে কর্তৃপক্ষ দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি স্থগিত করে।
বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে চালু করা হয়েছে অভিন্ন পদ্ধতি। কিন্তু ব্যবসায় শিক্ষা অনুষদে ২০০৪-০৫ ও ২০০৫-০৬ শিক্ষাবর্ষে এখনো সনাতন পদ্ধতি চালু রয়েছে।
এতে ওই শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা গ্রেডিং বৈষম্যের শিকার হচ্ছেন।
ব্যবসায় শিক্ষা অনুষদের শিক্ষার্থীরা জানান, অনুষদভুক্ত হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং ও ফিন্যান্স বিভাগের ওই দুই বর্ষের শিক্ষার্থীরা কিছুদিন ধরে ক্যাম্পাসে আন্দোলন করছেন।
কর্মসূচি চলাকালে সকাল থেকে তারা রবীন্দ্র ভবনে অনুষদের সব অফিস কক্ষ, বিভাগীয় সভাপতির কক্ষ ও ক্লাশরুম তালাবন্ধ করে রাখেন। পরে একটি বিক্ষোভ মিছিল নিয়ে ডিনস কমপ্লেক্সের ফটকে অবস্থান ধর্মঘট করেন।
এ সময় বক্তব্য রাখেন, হিসাববিজ্ঞান বিভাগের শরিফ, ফাইন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ইব্রাহিম হোসেন, মার্কেটিংয়ে আহসান হাবীব প্রমুখ।
বেলা ১টার দিকে অনুষদের ডিন অধ্যাপক শাহনওয়াজ আলী সব বিভাগের সভাপতি ও শিক্ষকদের সঙ্গে ওই স্থানে উপস্থিত হয়ে বৈষম্য নিরসনের আশ্বাস দিলে শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করে।
মার্কেটিংয়ে আহসান হাবীব জানান, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রবর্তিত অভিন্ন গ্রেডিং পদ্ধতিতে ফলাফল প্রকাশ থেকে তারা বঞ্চিত হচ্ছেন। এর ফলে চাকুরি ক্ষেত্রে নানা বৈষম্যের শিকার হতে হচ্ছে তাদের। তারা ইউজিসি'র নতুন প্রবর্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্র্তিত পদ্ধতিতে ফলাফল প্রকাশের দাবি জানান।
তিনি একটি উদাহরণ দিয়ে বলেন, সনাতন গ্রেডিংয়ে যেখানে ৭৫-৭৯ নম্বর পেলে দেওয়া হচ্ছে জিপিএ ৩.৫০, সেখানে একই নম্বর পেয়ে অভিন্ন গ্রেডিংয়ে দেওয়া হয় ৩.৭৫।
ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক ড. শাহনওয়াজ আলী বলেন, উপাচার্যের সঙ্গে আলোচনা করে অভিন্ন গ্রেডিং পদ্ধতি চালুর জন্য একটি কমিটি করা হয়েছে। বিষয়টি দ্রুত নিস্পত্তি হবে বলে জানান তিনি।
বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭২৪ ঘ.
bdnews24