২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সংঘর্ষের পর জবি বন্ধ ঘোষণা

সংঘর্ষের পর বুধবার থেকে দুইদিনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Dec 2010, 09:06 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংঘর্ষের পর বুধবার থেকে দুইদিনের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। এছাড়া ওই ঘটনা তদন্তে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার শওকত জাহাঙ্গীরের নেতৃত্বে ১১ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ছাত্রলীগের সভাপতি কামরুল হাসান রিপন ও সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদের সমর্থকদের মধ্যে সংঘর্ষে পাঁচজন আহত হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। বেলা ৩টার দিকে পরিস্থিতি শান্ত হয়। বিকাল সোয়া ৪টার দিকে ছাত্রলীগের বিবদমান দুই পক্ষ ক্যাম্পাস থেকে বের হয়ে যায়। আহতরা হলেন- অর্থনীতি বিভাগের শরীফ হোসেন, ইসলামী শিক্ষা বিভাগের ইব্রাহিম, বাংলা বিভাগের রাসেল ও শুভ এবং সভাপতি গ্র"পের সমর্থক জালাল হোসেন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওদিকে ধাওয়া-পাল্টা ধাওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তায় প্রায় দেড় ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় পুলিশ প্রাণীবিদ্যা বিভাগের সোয়েব নামে এক শিক্ষার্থীকে আটক করেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তবে পুলিশ আটকের কথা অস্বীকার করেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে দুপুর দেড়টার দিকে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। গত রোববার সভাপতি কামরুল সমর্থক চারজনকে প্রতিপক্ষ মারধর করে। তার জের ধরেই এ সংঘর্ষ হয় বলে শিক্ষার্থীরা জানান। কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) মো. দাউদ হোসেন সাংবাদিকদের বলেন, সংঘর্ষ চলাকালে পুলিশ টিয়ার শেল ও কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। একটি জাতীয় দৈনিকের জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, সংঘর্ষের সময় পুলিশ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের তৃতীয় তলায় সাংবাদিকদের একটি কক্ষ ভাংচুর এবং সাংবাদিকদের মারধর করে। তবে এ অভিযোগ অস্বীকার করেন কোতোয়ালি থানার এসআই আতাউর রহমান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক গাজী আবু সাঈদ সাংবাদিকদের বলেন, "তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এ সংঘর্ষ হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে।" জবির প্রক্টর কাজী আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়নি। শুধু ব্যবস্থাপনা বিভাগের মঙ্গলবারের মিডটার্ম পরীক্ষা বাতিল করা হয়। ক্যাম্পাসে পুলিশ ও র‌্যাব মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এমইউএস/আরএ/এমআই/এইচএ/১৮৪৩ ঘ.