২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

৮২টি বিদ্যালয়ে অতিরিক্ত ভর্তি হতে পারবে ৭০ হাজার

গতবছর থেকে ডাবল শিফট চালু হওয়া দেশের ৮২টি বিদ্যালয়ে এবছর নিয়মিত ভর্তির পাশাপাশি অতিরিক্ত আরো ৭০ হাজার ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2010, 03:30 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

ঢাকা, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গতবছর থেকে ডাবল শিফট চালু হওয়া দেশের ৮২টি বিদ্যালয়ে এবছর নিয়মিত ভর্তির পাশাপাশি অতিরিক্ত আরো ৭০ হাজার ছাত্রছাত্রী ভর্তি হতে পারবে। শনিবার এক তথ্য বিবরিণীতে এ কথা জানানো হয়। শনিবার থেকে ঢাকা মহানগরীর ২৪টি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে (সংযুক্ত প্রাথমিকস্তরসহ) ২০১১ শিক্ষাবর্ষে ২য় শ্রেণী থেকে ৯ম শ্রেণীতে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এ ৮২টি স্কুলকে ৩টি গ্র"পে ভাগ করা হয়েছে। এগুলোর মধ্যে ১৩টিতে প্রথম শ্রেণী আছে এবং প্রথম শ্রেণীর ভর্তিতে উন্মুক্ত লটারি পদ্ধতি ব্যবহার করা হবে। লটারি হবে আগামী ২১, ২২ ও ২৩ ডিসেম্বর। ঢাকা মহানগরীর এ ১৩টি স্কুলে প্রথম শ্রেণীর ১৫০০ এবং দ্বিতীয়-নবম শ্রেণীর জন্য ৬০৫১টি আসন রয়েছে। এসব আসনে ভর্তির জন্য এবার প্রথম শ্রেণীতে ৩৫,৯৪৫টি এবং ২য়-৯ম শ্রেণীতে ৩৬,৩১০টি আবেদন পত্র জমা পড়েছে। শিক্ষা সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী শনিবার মতিঝিল সরকারি বালিকা বিদ্যালয় ও মতিঝিল সরকারি বালক বিদ্যালয়ে ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন। তিনি ভর্তিচ্ছু ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের সাথে কথা বলেন। এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান উর রশিদ, মন্ত্রণালয়ের যুগ্মসচিব খন্দকার রাকিবুর রহমান ও পরিচালক (মাধ্যমিক) জাকির হোসেন উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে শিক্ষা সচিব বলেন, "সরকার শিক্ষা খাতে একটি গুণগত পরিবর্তনের লক্ষ্যে কাজ করছে। এ কারণেই জাতীয় শিক্ষানীতি প্রণয়ন, বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদানসহ নানা উদ্যোগ গ্রহন করা হচ্ছে। সরকার ভর্তি প্রক্রিয়ায় অনিয়ম, দুর্নীতি, স্বজনপ্রীতি দূর করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে চায়।" তিনি ভর্তি প্রক্রিয়ায় সবার সার্বিক সহযোগিতা কামনা করেন। সারা দেশে ৩১৭টি সরকারি মাধ্যমিক বিদ্যালয় আছে। জেলা-উপজেলায় অবস্থিত এসব স্কুলে ভর্তি প্রক্রিয়া স্থানীয় প্রশাসন নির্ধারিত পদ্ধতিতে সম্পন্ন করবে বলে সচিব জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেএমএস/২১২৫ ঘ.