২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মেডিকেল কলেজ শিক্ষকদের পদোন্নতি স্বাস্থ্য মন্ত্রণালয়ে ন্যাস্ত করার সুপারিশ

সরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ন্যাস্ত করার সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2010, 02:18 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতির বিষয়টি স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে ন্যাস্ত করার সুপারিশ করেছে সরকারি কর্ম কমিশন। বুধবার সরকারি কর্ম কমিশন (পিএসসি) কার্যালয়ে এ সংক্রান্ত উপকমিটির এক বৈঠকে এ সুপারিশ করা হয়েছে। সরকারি কর্ম কমিশনের সদস্য মো. নুরুন নবীকে আহ্বায়ক করে সাত সদস্য বিশিষ্ট এই উপকমিটি গঠন করা হয়। এর আগে শিক্ষকদের পদোন্নতির বিষয়টি শতকরা ৮০ ভাগ স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সরাসরি করার সুপারিশ করা হয়। এরই প্রেক্ষিতে সরকারি কর্ম কমিশনের গঠিত উপকমিটি বুধবার এ সুপারিশ যাচাই-বাছাই করে। সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সচিব চৌধুরী মো. বাবুল হাসানের কাছে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো কথা বলেননি। বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশনের সহ-সভাপতি অধ্যাপক আব্দুর রউফ সরদার এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "গত চার বছরের বেশি সময় শিক্ষকদের পদোন্নতি হয়নি। পিএসসি'র মাধ্যমে এ পদোন্নতির বিষয়টি অনেক জটিল প্রক্রিয়া। তাই বিভাগীয় পর্যায়ে এ পদোন্নতি হলে শিক্ষকদের যথাসময়ে পদোন্নতি প্রক্রিয়া অগ্রসর হবে। তিনি মন্ত্রণালয়ের অধীনে এ পদোন্নতির বিষয়টিকে স্বাগত জানান।" পাবলিক মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতি এতোদিন পিএসসি'র মাধ্যমে হতো। চার-পাঁচ বছর এ পদোন্নতি বন্ধ ছিলো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/কেএমএস/২০০৮ ঘ.