২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবি ভর্তি: মাদ্রাসা শিক্ষার্থীরা যোগ্য

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে 'খ' ও 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 02:50 PM

Updated : 25 Aug 2022, 07:46 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ২০১০-২০১১ শিক্ষাবর্ষে 'খ' ও 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষায় মাদ্রাসা শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে। বুধবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এ রায় দেয়। বিচারপতি ওহাব মিয়া ও খসরুজ্জামানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ সিদ্ধান্ত দেয় বলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) আবুল কালাম আজাদ নিশ্চিত করেছেন। এর আগে, মাদ্রাসা শিক্ষার্থীদের দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের নির্দেশে ২৩ ও ২৪ নভেম্বর অনুষ্ঠিতব্য প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর 'খ' ও 'গ' ইউনিটের ভর্তি পরীক্ষা গত ২০ অক্টোবর সাময়িকভাবে স্থগিত করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ওই পরীক্ষার নতুন সময়সূচি এখনো নির্ধারণ করা হয়নি বলে ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোরকে বলেন, উপাচার্য এখন দেশের বাইরে আছেন। আগামী ৯ ডিসেম্বর তিনি দেশে এলে 'বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ভর্তি কমিটি'র জরুরি সভা করে নতুন সময়সূচি জানানো হবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে www.Juniv.edu পাওয়া যাবে। এর আগে গত ১ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের ২০১০-২০১১ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তির আবেদনপত্র আহবান করা হয়। জমাদানের শেষ তারিখ ছিল ২৭ সেপ্টেম্বর। গত ২৪ অক্টোবর থেকে এ দু'টি ইউনিট ছাড়া বাকি সব ইউনিটের পরীক্ষা শুরু হয়ে ২৭ অক্টোবর পর্যন্ত চলে এবং পরীক্ষার দিনই ফলাফল প্রকাশ করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪২ ঘ.