চাঁদপুর, ডিসেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুরে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে পুলিশের লাঠিপেটায় অন্তত ২০ জন আহত হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ ছাত্রাবাসে ঢুকে তাদের বেদম মারধর করেছে।
এই ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ অধ্যক্ষের কক্ষের আসবাবপত্র ভাংচুর করেছে।
ছাত্রাবাসে চুরির ঘটনার প্রতিবাদে রোববার সকালে চাঁদপুর সরকারি কলেজের শিক্ষার্থীরা চাঁদপুর-কুমিল্লা সড়ক অবরোধ করে।
লাঠিপেটার ঘটনায় রাতে দুই পুলিশকে প্রত্যাহার করা হয়েছে।
শিক্ষার্থীরা জানায়, শনিবার রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত চাঁদপুর সরকারি কলেজের শের-ই-বাংলা ছাত্রাবাস থেকে ৫টি সাইকেল ও একটি টিভি চুরি হয়।
এই ঘটনার প্রতিবাদে তারা রোববার সকাল ১০টার দিকে ছাত্রাবাস সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়ক অবরোধ করে।
কর্মসূচি চলাকালে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ এসে শিক্ষার্থীদের লাঠিপেটা শুরু করে। তারা ছাত্রাবাসে আশ্রয় নিলেও পুলিশ সেখানে ঢুকে তাদের মারধর করে।
পুলিশের লাঠিপেটায় আহতদের মধ্যে কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন (৩০) ও সংগঠনটির আরেক নেতা সাইফুল পাটওয়ারীকে (৩০) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত অন্যদের মধ্যে শের-ই-বাংলা ছাত্রাবাস শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল তালুকদার, জ্যেষ্ঠ সহ-সভাপতি মনির হোসেন, সোহেল রানা, ইকবাল হোসেন, রাসেল (১), আব্দুল কাদের, রাসেল (২), সোলেমান, আক্তার, সাখাওয়াত হোসেন, মিজান, আল আমিন ও শাহ আলম চাঁদপুর সদর হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।
কলেজ শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির সুমন সাংবাদিকদের বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে যান। তিনি পুলিশ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।
পরে শিক্ষার্থীদের কলেজ অধ্যক্ষের কাছে নিয়ে যাওয়ার সময় পেছন থেকে গোয়েন্দা পুলিশ লাঠিপেটা শুরু করে।
চাঁদপুর গোয়েন্দা পুলিশের (ডিবি) উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সরকার বলেন, তারা খবর পেয়ে পুলিশকে সহায়তা করতে ঘটনাস্থলে যান। শিক্ষার্থীরা বিশৃঙ্খলা সৃষ্টি করলে লাঠিচার্জ করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. মুশফিকুর রহমান বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।
চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ মিহির লাল সাহা বলেন, রাতে ছাত্রাবাসে চুরির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। তবে শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিপেটার বিষয়টি সম্পর্কে তিনি কিছুই জানি না।
দুই পুলিশ প্রত্যাহার
শিক্ষার্থীদের অবরোধে লাঠিপেটার ঘটনায় পুলিশের দুই উপ-পরিদর্শককে (এসআই) রোববার রাতে প্রত্যাহার করা হয়েছে।
এরা হলেন- জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মামুনুর রশিদ সরকার ও চাঁদপুর সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) স্বপন কুমার ভৌমিক।
চাঁদপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি জাকের হোসাইন সাংবাদিকদের জানান, রাতে পুলিশ সুপারিনটেনডেন্ট মো. শহীদুল্যাহ চৌধুরীর নির্দেশে তাদের প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।
এছাড়া লাঠিচার্জের ঘটনায় চাঁদপুরের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. হানিফকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটিও করা হয়েছে।
কমিটির অপর দু'জন সদস্য হলেন- জেলা গোয়েন্দা কর্মকর্তা (ডিআইও-১) আতিক আহমেদ চৌধুরী ও মতলব দক্ষিণ থানার ওসি খান মো. এহসান।
ডিবির ওসি আরো জানান, বিকালে পুলিশ সুপারিনটেনডেন্ট শহীদুল্যাহ চৌধুরী আহত শিক্ষার্থীদের দেখতে হাসপাতালে যান। এ সময় চাঁদপুর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট কাজী আব্দুল কাইয়ুম ও মডেল থানার ওসি মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২২৩৭ ঘ.
bdnews24