২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাহাড়ি ছাত্র পরিষদ-ছাত্রলীগ সংঘর্ষ

রাঙামাটি সরকারি কলেজে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 12:58 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

রাঙামাটি, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - রাঙামাটি সরকারি কলেজে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষে অন্তত তিনজন আহত হয়েছে। সোমবার সকালের এই ঘটনার জন্য ছাত্র পরিষদ ও ছাত্রলীগ পরস্পরকে দায়ী করেছে। পুলিশ জানায়, কলেজ মাঠে তাস খেলার অভিযোগে ছাত্রলীগের এক কর্মীকে সকাল ১১টার দিকে অধ্যক্ষের কক্ষে ধরে নিয়ে যায় পাহাড়ি ছাত্র পরিষদের নেতাকর্মীরা। এ নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়। এতে ছাত্র পরিষদের জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক পহেল চাকমা ও মিহির চাকমা এবং ছাত্রলীগ কর্মী বাবুল ত্রিপুরা আহত হয়। পহেল ও মিহিরকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে । পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে বলে জানিয়েছেন রাঙামাটি সদর থানার ওসি বাবুল উদ্দিন সরদার। জেলা ছাত্র পরিষদের সাবেক সভাপতি পদ্মলোচকমা চাকমা দাবি করেন, ছাত্রলীগের কর্মীরা কলেজ মাঠে জুয়া খেলার সময় বাধা দেওয়ায় তারা পরিষদের নেতাকর্মীদের ওপর হামলা চালায়। অপরদিকে ছাত্রলীগ কলেজ শাখার সভাপতি কুতুব উদ্দীন দাবি করেছেন, কলেজ শাখা ছাত্রলীগের নেতা বাবলু ত্রিপুরাকে তুলে নিয়ে ছাত্র পরিষদের কর্মীরা মারধর করেছে। কলেজেরে অধ্যক্ষ মো. সিরাজুল করিম জানান, তাস খেলার অভিযোগে ছাত্রলীগের বাবুল ত্রিপুরাকে তার কক্ষে নিয়ে যায় ছাত্র পরিষদের নেতাকর্মীরা। এ খবর শুনে ছাত্রলীগ নেতাকর্মীরা তার কক্ষে যায়। বিষয়টি নিয়ে বাগবিতণ্ডার এক পর্যায়ে তারা কক্ষ থেকে বেরিয়ে যায়। এরপরই দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯০০ ঘ.