২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘট স্থগিত, সচল হচ্ছে চট্টগ্রাম ভেটেরিনারি ইউনিভার্সিটি

ছাত্রলীগ নেতাদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করে শনিবার থেকে সব ক্লাস-পরীক্ষা চালুর ঘোষণা দিলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স ইউনিভার্সিটির নতুন উপাচার্য এএস মাহফুজুল বারী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 01:31 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

চট্টগ্রাম, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রলীগ নেতাদের সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলন করে শনিবার থেকে সব ক্লাস-পরীক্ষা চালুর ঘোষণা দিলেন চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সায়েন্স ইউনিভার্সিটির নতুন উপাচার্য এএস মাহফুজুল বারী। সরকার সমর্থক ছাত্রলীগের আন্দোলনের কারণে গত ১১ মাস ধরেই অস্থির এ পাবলিক বিশ্ববিদ্যালয়। গত অগাস্টে নয় জন ছাত্রলীগ নেতা-কর্মীকে বহিষ্কারের পর এর প্রতিবাদে ডাকা ধর্মঘটে অচল হয়ে পড়ে শিক্ষা কার্যক্রম। আগের উপাচার্য অধ্যাপক নীতিশ চন্দ্র দেবনাথের পদত্যাগ দাবি করে আসছিলো ছাত্রলীগসহ আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর মধ্যেই উপাচার্য পরিবর্তন হয়। তিন দিন আগে দায়িত্ব নেন মাহফুজুল বারী। শুক্রবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উপাচার্যের সঙ্গে সংবাদ সম্মেলনে বসে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের আহ্বায়ক কমল কান্তি মজুমদার ধর্মঘট স্থগিতের ঘোষণা দেন। এরপর উপাচার্য বলেন, "আন্দোলনকারী ছাত্রলীগ ও সাধারণ ছাত্র-ছাত্রীরা তাদের লাগাতার ধর্মঘট স্থগিতের ঘোষণা দেওয়ায় বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু হতে আর কোনো বাধা নেই। শনিবার থেকে সব ক্লাস-পরীক্ষা ও প্রশাসনিক কার্যক্রম চলবে।" ছাত্রলীগ আহ্বায়ক কমল বলেন, উপাচার্যের আশ্বাসে তারা লাগাতার ধর্মঘট সাময়িকভাবে স্থগিত করেছেন। সাবেক উপাচার্য নীতিশ চন্দ্র দেবনাথের পদত্যাগ দাবিতে ছাত্রলীগ গত বছরের ডিসেম্বর থেকে ধর্মঘটসহ নানা কর্মসূচি পালন করে আসছিলো। তবে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক মো. আলাউদ্দিনের তৎপরতায় চলতি বছরের এপ্রিল থেকে অগাস্ট পর্যন্ত পাঁচ মাস ক্লাস-পরীক্ষা চলে। অগাস্টে শৃঙ্খলাভঙ্গের জন্য ছাত্রলীগ আহ্বায়ক কমলসহ নয় নেতাকর্মীকে বহিষ্কারসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দিলে লাগাতার ধর্মঘট ডাকা হয়। উপাচার্য মাহফুজুল বারী বলেন, বহিষ্কার ও অন্যান্য শাস্তি মওকুফের বিষয়টি বিবেচনা করা হবে। ছাত্রলীগ নেতাদের সঙ্গে সংবাদ সম্মেলনের বিষয়ে তিনি বলেন, "দায়িত্ব নেওয়ার পর আমার প্রথম দায়িত্ব ক্যাম্পাস সচল করা। এ জন্য শিক্ষক, কর্মকর্তা ও ছাত্রদের সঙ্গে আলোচনা করেছি। ছাত্ররা তাদের আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়ায় একত্রে সংবাদ সম্মেলন করা হয়েছে।" সংবাদ সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ চৌধুরী মো. আলাউদ্দিন, ফুড সায়েন্স অনুষদের ডিন অধ্যাপক গৌরাঙ্গ চন্দ্র দাশ, মেডিসিন অনুষদের ডিন অধ্যাপক এম এ মতিন প্রধান ও ছাত্রলীগের নেতাকর্মীরা ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমইউএস/এমআই/১৯১৯ ঘ.