ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দুর্ঘটনায় ছাত্র আহত হওয়ার জের ধরে বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত অন্তত ২০টি গাড়ি ভাংচুর করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
ভাংচুরের পর ক্যাম্পাসের ভেতর দিয়ে গাড়ি চলাচল পুলিশ বন্ধ করে দিয়েছে। বিপুল সংখ্যক পুলিশও মোতায়েন রয়েছে ছাত্র-শিক্ষক কেন্দ্রসহ আশপাশের এলাকায়।
দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও শামসুন্নাহর হলের মাঝের রাস্তায় একটি প্রাইভেট কারের ধাক্কায় আহত হন বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সাধন কুমার দাশ। তার অবস্থা আশঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার পর দুর্ঘটনার জন্য দায়ী প্রাইভেট কারটি জ্বালিয়ে দেয় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। এরপর দুপুর দেড়টা থেকে পৌনে ২টার মধ্যে শহীদ মিনার-টিএসসি সড়কে ১০টি প্রাইভেট কারে ভাংচুর চালায় তারা।
এরপর দুপুর ২টা থেকে আড়াইটার মধ্যে দোয়েল চত্বরের সামনে তিনটি, জগন্নাথ হলের সামনে একটি ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে একটি প্রাইভেট কার ভাংচুর করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। বিকালে ভাষা ইনস্টিটিউটের সামনে তিনটি এবং জগন্নাথ হলের সামনে একটি গাড়ি ভাংচুর করা হয়।
এরপর বিকালে পরিস্থিতি অনেকটাই শান্ত হয়ে আসে। ছাত্ররাও টিএসসি এলাকা ছাড়ে। তবে এরপরও জগন্নাথ হলের সামনে আরেকটি গাড়ি ভাংচুর হয়।
এসব ভাংচুরের ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করবে না বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কেএম সাইফুল ইসলাম খান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মামলা করবে না। তবে পুলিশ করলে করতে পারে।"
কিন্তু বিকাল ৪টা পর্যন্ত পুলিশ কোনো মামলা করেনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল ও শামসুন্নাহর হলের মাঝের রাস্তায় একটি প্রাইভেট কারচালক গাড়ির মালিকের মেয়েকে গাড়িচালনা প্রশিক্ষণ দিচ্ছিলেন। ওই সময় গাড়িটির ধাক্কায় সাধন আহত হন। এর পরপরই ছাত্ররা গাড়িচালক, মালিকের মেয়ে ও গাড়িতে থাকা তার দুই বান্ধবীকে আটক করে আহত সাধনকে নিয়ে গাড়িসহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
হাসপাতাল পুলিশ ফাঁড়ির দায়িত্বরত কর্মকর্তা উপপরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাধনের চিকিৎসা শুরু হওয়ার পর ওই চারজনকে শাহবাগ থানায় নিয়ে যাওয়া হয়।
তিনি বলেন, "এ সময় গাড়িটি জরুরি বিভাগের সামনে রাখা ছিলো। হঠাৎ ছাত্ররা গাড়িটি ভাংচুর শুরু করে।"
শাহবাগ জোনের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) শহীদ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০-৩০ জন ছাত্র গাড়িটি ভাংচুর করে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা বলেন, ভাংচুরের পর দুপুর পৌনে ২টার দিকে প্রাইভেট কারটি পুলিশ রেকার দিয়ে হাসপাতালের জরুরি বিভাগের সামনে থেকে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। তখন ১৫-২০ জন ছাত্র রড ও লাঠি নিয়ে এসে আবারো ভাংচুর করে। এক পর্যায়ে তারা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। প্রায় ২০ মিনিট পর আগুন নেভানো সম্ভব হয়।
ওই সময় হাসপাতালে আসা রোগী ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ওই সময় এনটিভির ঢাকা মেডিকেল প্রতিনিধি আল-আমিন ভাংচুরের ছবি তুলতে গেলে তার ক্যামেরা ছিনিয়ে নেয় ছাত্ররা। এ সময় তাকে মারধরও করে তারা।
আল-আমিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি ছবি তুলতে গেলে তারা ক্যামেরা ছিনিয়ে নিয়ে আমাকে মারধর করে। এক পর্যায়ে তারা আমার অফিসের পরিচয়পত্রও ছিনিয়ে নেয়।"
সাধনের অবস্থার বিষয়ে ঢাকা মেডিকেল কলেজের নিউরো মেডিসিন ইউনিট-৩ এর সহযোগী অধ্যাপক আসিফ সাংবাদিকদের বলেন, "আমি সিটি স্ক্যান রিপোর্ট দেখেছি। সাধন মাথায় আঘাত পেয়েছেন। তবে তা গুরুতর নয়। তিনি আশঙ্কামুক্ত।"
শাহবাগ ানার উপ-পরিদর্শক (এসআই) ব্রজেন্দ্রনা ভদ্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রাইভেটকারটির চালক জাবেদ ও প্রশিক্ষণার্থী তামুনি হক পালিয়ে গেছেন।
দুর্ঘটনার সময় গাড়ির পেছনের আসনে থাকা উপমা ও প্রমিকে রাত সাড়ে ১০টার দিকে থানা থেকে ছেড়ে দেওয়া হয় বলে জানান এসআই। তারা তামুনির বান্ধবি।
এদিকে উপমা ও প্রমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দাবি করেছেন, তামুনিকে থানার ভেতরই আটক রাখা হয়েছে।
তামুনির বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেটি/এজে/এমআই/কেএমএস/০০১২ ঘ.
bdnews24