২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাবিতে গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্রজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2010, 10:52 AM

Updated : 25 Aug 2022, 07:41 PM

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গাছ কাটার প্রতিবাদে বিক্ষোভ করেছে প্রগতিশীল ছাত্রজোট। বৃহস্পতিবার ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ এবং মিছিল ও সমাবেশ করে তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জানান, দুপুর ১২টার দিকে সমাজ বিজ্ঞান অনুষদ ভবন থেকে মিছিল শুরু হয়। ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে পরিবহন চত্বরে এসে শেষ হয়। এরপর সমাবেশ করে তিনটি সংগঠনের সমন্বয়ে গঠিত ছাত্রজোটের নেতাকর্মীরা। জোটের শরিক সংগঠনগুলো হলো সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ছাত্র ইউনিয়ন ও ছাত্র ফেডারেশন। এর মধ্যে ছাত্র ফেডারেশনের কার্যক্রম কিছুদিন ধরে স্থগিত রয়েছে। সমাবেশে বক্তারা বিশ্ববিদ্যালয়ে গাছ কাটার তীব্র প্রতিবাদ করে অবিলম্বে ক্যাম্পাসে বৃক্ষ রক্ষা বিষয়ক একটি নীতিমালা প্রণয়নের দাবি জানান। আবার গাছ কাটা হলে কঠোর আন্দোলনের হুমকি দেন তারা। সমাবেশে বক্তব্য রাখেন- সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জাবি শাখার সভাপতি নাসির উদ্দিন প্রিন্স, সাংগঠনিক সম্পাদক মৈত্রি বর্মণ, ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি রাজীব কর্মকার, সাধারণ সম্পাদক হাসান সিনা প্রমুখ। নাসির উদ্দিন প্রিন্স বলেন, বন্ধের মধ্যে গাছ কাটার ঘটনায় প্রশাসনকে অবশ্যই ক্ষমা চাইতে হবে। সেইসঙ্গে ক্ষতিপূরণ হিসেবে দ্বিগুণ ছায়াদানকারী বৃক্ষ রোপন করতে হবে। ক্যাম্পাসে সবুজের সমারোহ ফিরিয়ে আনতে আগামী রোববার বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরা ক্যাম্পাসে মানববন্ধন কর্মসূচি পালন করবে। গত ১৫ নভেম্বর ঈদুল আজহার ছুটির মধ্যে বিশ্ববিদ্যালয় বন্ধের সুযোগে বিশ্ববিদ্যালয়ের ডেইরি গেট এলাকার সড়ক দ্বীপের প্রায় ৩৬টি গাছ কেটে ফেলে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এর আগে বিশ্ববিদ্যালয়ের গ্রীষ্মের ও ঈদুল ফিতরের ছুটির মধ্যে সৌন্দর্য বাড়ানোর অজুহাতে ক্যাম্পাসের শতাধিক গাছ কেটে ফেলা হয়। গাছ কাটার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিষ্ট্রার (এস্টেট) এ বি এম আজিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রধান ফটক থেকে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার দেখার সুবিধার জন্য এবং সড়ক দ্বীপের সৌন্দর্য বাড়াতে গাছ কাটা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৬৪২ ঘ.